
৩ নভেম্বর থেকে ১ মার্চ। মাত্র তো চার মাসেরই ব্যবধান। অথচ মনে হচ্ছে কত যুগ আগের যেন ঘটনা। দেশের মাটিতে টানা দ্বিতীয়বার নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করার স্মৃতিতে যেন ব্যর্থতার ধুলোবালির প্রস্তর জমে গেছে। কত প্রত্যয়ী দেখাত দলটাকে। অথচ সেই বাংলাদেশের দেহভাষায় এখন যেন ক্লান্তির ছাপ। একের পর এক ম্যাচে ব্যর্থতার ক্লান্তি।
মুশফিকুর রহিমকে সবাই ভীষণ লড়াকু বলেই জানে। উচ্চতাতে যে রকমই হন, মুশফিকের সাহস পর্বত সমান। দলের প্রতি আত্মনিবেদনও অন্য রকম। আজও যেমন পুরো ফিট না হয়েও আহত কাঁধেই দলকে তুলে নিয়েছিলেন। সেই মুশফিককে ম্যাচ শেষে দেখাল ক্লান্ত বিধ্বস্ত। ঝড়ে টালমাটাল এক জাহাজের মতো। মুশফিক স্বীকার করে নিলেন, ব্যাটে-বলে-ফিল্ডিং সব জায়গায় আফগানিস্তান আজ হারিয়ে দিয়েছে বাংলাদেশকে, ‘আমরা তিনটা জায়গাতেই ওদের কাছে হেরে গেছি। দিনের প্রথম ৩০ ওভার কিন্তু ভালোই খেলেছিলাম। কিন্তু এরপর ওরা দুর্দান্ত করল, বিশেষ করে স্লগ ওভারগুলোতে।’
একের পর এক চোটাঘাতের তালিকায় আজ যুক্ত হয়েছেন সোহাগ গাজী। মাত্র তিনটা বল করেই হাতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই স্পিনারকে। মুশফিকের কণ্ঠে সেই হতাশাও থাকল, ‘ওরা দারুণ ব্যাটিং করেছে। আমাদের সুযোগই দেয়নি। তবে আমরাও একটা বোলার কম নিয়ে খেলেছি। তবে ২৫৪ তাড়া করা সম্ভব ছিল। আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম। কিন্তু ওরা বোলিংও ভালো করেছে।’
সাকিব-তামিমের অভাবও এখন সবচেয়ে অনুভব করছেন অধিনায়ক, ‘সাকিব-তামিম দলে ছিল না। তাই আমাদের ওপর অনেক চাপ ছিল। আমি নিজে ভালো ব্যাটিং করতে চেয়েছি। কিন্তু অল্প রানেই আউট হয়ে গেছি। ছেলেদের ভাগ্যটাই আসলে খারাপ।’
দর্শকদের জন্য খারাপ লাগছে জানিয়ে ভবিষ্যতে ভালো কিছুর প্রতিশ্রুতিই দিলেন মুশফিক, ‘ঘরের মাঠের দর্শকদের এতটা হতাশ করেছি ভাবতেই খারাপ লাগছে। তবে আশা করি, বাকি ম্যাচগুলোতে আমরা ভালো করব।’
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানিস্তানের এটাই প্রথম কোনো জয়। ধীরে ধীরে ক্রিকেট মানচিত্রে শক্ত জায়গা করে নিতে থাকা উদীয়মান দলটি তাই বাহবা কুড়াল। এই জয়ের জন্য দল যে জীবন বাজি রেখে খেলেছে, সেটাই বললেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী, ‘এটাই পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে আমাদের প্রথম জয়। ওরা ২৫ ওভার পর্যন্ত দারুণ বোলিং করেছে, কিন্তু আমাদের জুটিটা হয়েছে দুর্দান্ত। আমাদের বোলাররাও দারুণ বোলিং করেছে। বিশেষ করে প্রথম কয়েক ওভারে। ফিল্ডিংটাও সে সময় দারুণ হচ্ছিল। কয়েকটা ক্যাচ অবশ্য এর পরে আমরা ফেলেছি। আমাদের ভক্ত আর পুরো দেশ হয়তো খেলা দেখছিল। এর পর আমরা আরও ভালো কিছু করব আশা করি।’
0 comments:
Post a Comment