মহাসড়কের পাশে মঞ্চ করে সাভারের সাংসদ এনামুর রহমানের সংবর্ধনা আয়োজন করায় নবীনগর-কালিয়াকৈর-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মহাসড়কে গাড়ি চলাচল কার্যত বন্ধ ছিল।
এর আগে বিকেলে এনামুর রহমানের সংবর্ধনা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মহাসড়কের পাশে ডেন্ডাবর এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়। সেখানে সাংসদকে সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ঘোষণা দেওয়া হয়। সেখানে সংগীত পরিবেশন করার কথা সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের। এ উপলক্ষ্যে বিকেল থেকেই সংবর্ধনাস্থলে লোকজন জড়ো হতে থাকে। সন্ধ্যার পরে সংবর্ধনাস্থলসহ পাশের সড়ক লোকারণ্যে পরিণত হয়।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাত সাড়ে আটটার দিকে সংবর্ধনাস্থলের পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অথচ তখনো পর্যন্ত সাংসদ ও অতিথিদের কেউই মঞ্চে উপস্থিত হননি। রাত নয়টার দিকে সাংসদ মঞ্চে উপস্থিত হন। বর্তমানে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে আছে।
সাভারের ট্রাফিক পুলিশের পরিদর্শক মুরাদ মাহমুদুর রহমান সাংসদের সংবর্ধনা উপলক্ষ্যে মহাসড়কে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে। দেখা যাক, কী হয়।’
0 comments:
Post a Comment