
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের মানুষের ধারণা শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। তত্কালীন মার্কিন রাষ্ট্রদূতের পাঠানো এক গোপন বার্তা সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গতকাল মঙ্গলবার ফাঁস করেছে। ফাঁস হওয়া তথ্য সম্পর্কে খাদ্যমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে আজ বুধবার এই মন্তব্য করেন। তিনি বিকেলে চট্টগ্রাম বিভাগের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
চারদলীয় জোট সরকারের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ দায়িত্ব ছাড়ার পর দেশে খাদ্য উদ্বৃত্ত রেখে গিয়েছিল। জোট সরকার আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করে বাংলাদেশকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী খাদ্য উত্পাদন ও মজুত বাড়ানোর ব্যাপারে সতর্ক। কোনো গুদামে খাদ্যশস্য নষ্ট হওয়া মেনে নেওয়া হবে না। জরাজীর্ণ এবং পুরোনো গুদামের তালিকা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর তাগিদ দেন মন্ত্রী। এরপরই এসব গুদাম সংস্কার করা হবে।
চট্টগ্রাম বিভাগের অধীনে ১১ জেলায় কর্মরত খাদ্য কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন। এতে সঞ্চালক ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিউর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক আবদুল আজিজ মোল্লা এবং ১১ জেলার খাদ্যনিয়ন্ত্রকেরা।
0 comments:
Post a Comment