বাংলাদেশের জঙ্গি-মৌলবাদী সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় আজ মঙ্গলবার তিনি এ অনুরোধ জানান।
শেখ সেলিম বলেন, জঙ্গি, জামায়াত-শিবির ভারতে আশ্রয় নেবে, এটা কাম্য নয়।
পত্রিকায় ছাপা ভারতের সিপিএমের নেতা বিমান বসুর বক্তব্যের বরাত দিয়ে শেখ সেলিম বলেন, ‘ভারতের তৃণমূল নেতা ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি হাসান আহমদ (আহমদ হাসান) জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চমত্কার। সে সম্পর্কে কেউ যদি ফাটল ধরাতে চায়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’
শেখ সেলিম বলেন, ‘মমতা ব্যানার্জিকে অনুরোধ করব সন্ত্রাসী-মৌলবাদীদের যেন আশ্রয়-প্রশ্রয় না দেন। তাদের সহযোগিতা না করে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করব। কারণ এরা মৌলবাদী, সন্ত্রাসী। এদের কোনো দেশ নেই, সারা বিশ্বে এদের নেটওয়ার্ক আছে। এরা ভারতেরও ক্ষতি করতে পারে।’
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে শেখ সেলিম বলেন, ‘দুদেশের সম্পর্কে যেন ফাটল না ধরে, সেদিকে দেখবেন। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
0 comments:
Post a Comment