
আগামী ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে নব-নির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক লাখ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি হবে বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম।
মঙ্গলবার বিকালে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, “পর্যটন শহর কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে আর্ন্তজাতিক এ ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বেও হবে অন্যতম আকর্ষণের স্থান। বিসিবি’র নিজস্ব অর্থায়নের তৈরী এ স্টেডিয়ামে আর্ন্তজাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, আপাতত বিশ্বকাপের খেলা না হলেও এর প্রস্তুতিমূলক খেলা কক্সবাজারে হবে। আগামী ৪ মার্চ এখানে একটি আর্ন্তজাতিক ম্যাচ হবে।
মঙ্গলবার বিকালে কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্টেডিয়ামের মূল মাঠ, পিচ, গ্যালারি, প্রেস বক্স পরিদর্শন করেন। এসময় বিসিবি’র অন্যান্য প্রতিনিধিরা তার সাথে ছিলেন।
প্রসঙ্গত, সমুদ্র সৈকতের কূল ঘেষে পর্যটন গলফ মাঠে পঁচিশ একর জমিতে গড়ে তোলা আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যূটি ২০১২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর অনুমোদন পায়। এর পর থেকে সেখানে কাজ শুরু হয়।
0 comments:
Post a Comment