
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত না থাকায় সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হয়।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার ২৪তম দিনের মতো শুনানি গ্রহণ করেন। ২৮ জানুয়ারি থেকে যুক্তি উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত বছরের ২৪ সেপ্টেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়।
আজ শুনানির ২৪তম দিনে আসামিপক্ষের কৌঁসুলি ট্রাইব্যুনালের রায়, রাষ্ট্রপক্ষের ২৮ জন সাক্ষী ও আসামিপক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা পেপারবুক থেকে উপস্থাপন শেষ করেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। তাঁদের সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
পরে প্রতিকার চাকমা ‘প্রথম আলো’কে বলেন, আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী দেশের বাইরে থাকায় চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করা হয়। আদালত এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি। রায়ের পর ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।
0 comments:
Post a Comment