
গতকাল মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব ইউনিয়ন বক্তৃতা দেন ওবামা। ওই বক্তৃতায় তিনি তাঁর কর্মপরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন।
২০১৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা সংস্কারের ডাক দিয়ে দেশের জনগণের স্বার্থে আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
দীর্ঘদিন ধরেই রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্কের টানাপোড়েন চলছে। আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রেসিডেন্ট ওবামা ঘোষিত সংস্কার উদ্যোগ বারবার ব্যাহত হচ্ছে। অভিবাসন সংস্কারের মতো জরুরি বিষয়েও কোনো আইনপ্রণয়ন সম্ভব হয়নি গত পাঁচ বছরে। দ্বিতীয় দফার ক্ষমতার মধ্যভাগে পৌঁছে ওবামা এখন অনেকটা আগ্রাসী উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
ওবামা তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সংস্কার উদ্যোগ বাস্তবায়নের কথা বলেছেন। অভিবাসন আইনের সংস্কার নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে চাপা অসন্তোষ বিরাজ করছে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের ধীর গতি এবং ব্যাপক কর্মহীনতায় মার্কিন মধ্যবিত্তের মধ্যে হতাশা বিরাজ করছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রের জনগণের আয়ের তারতম্য তীব্র হয়ে উঠেছে। সামাজিক বৈষম্য বেড়েছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণের কর্মপরিকল্পনার কথা প্রেসিডেন্ট ওবামা তাঁর এবারে স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় তুলে ধরেছেন।
প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরের শুরুতে কংগ্রেসের যৌথসভায় বক্তৃতা দিয়ে থাকেন। স্টেট অব ইউনিয়ন নামে পরিচিত এ বক্তৃতার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও প্রথাটি চালু হয়েছে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকে।
রেকর্ড থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন এবং প্রেসিডেন্ট জেমস এ গারফিল্ড কোনো স্টেট অব ইউনিয়ন বক্তৃতা দেননি। এর মধ্যে প্রথমজন মাত্র ৩২ দিন এবং দ্বিতীয়জন মাত্র ১৯৯ দিন ক্ষমতায় ছিলেন। মার্কিন কংগ্রেসের তথ্য অনুযায়ী, কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের বক্তৃতাকে ১৯৪৭ সাল থেকে স্টেট অব ইউনিয়ন বক্তৃতা হিসেবে নামকরণ করা হয় ।
গতকাল রাতে স্টেট অব ইউনিয়ন বক্তৃতার জন্য বারাক ওবামা ক্যাপিটল হিলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও স্পিকার জন বয়েনার। কংগ্রেস ও সিনেটের যৌথ অধিবেশনে সরকারের নির্বাহী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতিরা, আমন্ত্রিত ব্যক্তি, যুদ্ধাহত সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। ফার্স্ট লেডি মিশেল ওবামা স্টেট অব ইউনিয়নে প্রেসিডেন্ট ওবামা বক্তব্য রাখার সময় বারবার হাততালি দিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানান।
ওবামা তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণসহ নিম্ন আয়ের লোকজনের মজুরি বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি ফেডারেল সরকারের চুক্তিবদ্ধ কর্মজীবীদের জন্য ন্যূনতম ১০ দশমিক ১০ ডলার মজুরি ঘোষণা করেন।
ওবামা তাঁর বক্তৃতায় আইনপ্রণেতাদের পুরোপুরি এড়িয়ে যাননি। বলেছেন, ‘আসুন, দেখি আগামী দিনগুলোতে আমরা একত্রে কী করতে পারি। ২০১৪ সালকে আমরা জনপ্রত্যাশা অনুযায়ী কাজের বছরে পরিণত করি।’ সর্বজনীন স্বাস্থ্যবিমা বাস্তবায়ন নিয়ে প্রতিকূলতার কথা উল্লেখ করে ওবামা রিপাবলিকানদের কাছে বাস্তবায়নযোগ্য ভালো প্রস্তাব থাকলে তা উপস্থাপনের আহ্বান জানান।
প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের স্টেট অব ইউনিয়ন বক্তৃতার পরই রিপাবলিকান দলের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। কংগ্রেসে ওয়াশিংটন রাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি রিপাবলিকান ক্যাথি ম্যাকমরিস দলের পক্ষে দেওয়া বক্তব্যে বলেন, রিপাবলিকান দলের কর্মসূচি জনগণের উন্নয়নের জন্য সুস্পষ্ট। সরকারের নয়, জনগণের প্রকৃত ক্ষমতা বাড়ানোর জন্য রিপাবলিকান দল কাজ করে যাবে বলে তিনি দাবি করেন।
0 comments:
Post a Comment