Sporty Magazine official website |

শপথ নিয়েছেন শিরীন শারমিন চৌধুরী

Wednesday, January 29, 2014

Share this history on :
জাতীয় সংসদের বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার সকালে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী তিনি নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০টার পরে শপথ নিয়েছেন শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪ ধারা অনুযায়ী তাঁকে বিজয়ী ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে গতকালই শিরীন শারমিন চৌধুরীর নাম গেজেট করে এবং সন্ধ্যা ছয়টার মধ্যে তা সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।
দশম জাতীয় সংসদের স্পিকার পদে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দশম জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হয়। দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী এবং সংসদ উপনেতা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীর নাম প্রস্তাব করেন। তাঁর প্রস্তাব সমর্থন করেন যথাক্রমে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সংসদীয় দলের বৈঠকের আগে বিকেল সাড়ে চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেন প্রধানমন্ত্রী। সূত্রমতে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতার নাম প্রস্তাব করেন। পরে শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে যান। রাষ্ট্রপতি তাঁকে স্পিকার পদে মনোনয়নের কথা জানিয়ে দেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment