
রেলের নিয়োগে দুর্নীতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ পাঁচ জনের বিচার শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অন্য আসামিরা হলেন রেলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান, আবুল কাশেম ও আনিসুর রহমান। এঁরা সবাই পলাতক।
২০১২ সালের ৯ এপ্রিল তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, রেলের ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে পরবর্তী ধার্য দিনে বিচার শুরু হবে। মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগে দুর্নীতির প্রায় ১২টি মামলা রয়েছে। এই প্রথম তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে রেলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১৮ আগস্ট মৃধাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক। পরে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে ২০ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়েছে।
0 comments:
Post a Comment