
ঢাকার অদূরে কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএ কার্যালয়ে দালাল ও চোরদের স্থান নেই। বিআরটিএর একই কার্যালয়ে কোনো কর্মকর্তা এক বছরের বেশি থাকতে পারবেন না।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় বিআরটিএ কার্যালয় পরিদর্শনে যান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে তাঁদের অভিযোগ শোনেন। পরে তিনি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইকুরিয়ার অফিস সহকারী আরিফ ও সাভার বিআরটিএর কর্মকর্তা কেশব কুমার দাসকে তাত্ক্ষণিক বদলির নির্দেশ দেন। এ ছাড়া মোটরযান পরিদর্শক ওয়াজেদ মিয়া ও মো. জয়নালকে উদ্দেশ করে সাংবাদিকদের উপস্থিতিতে মন্ত্রী বলেন, ‘আল্লাহর নামে শপথ নিয়ে ভালো হয়ে যাও। দুর্নীতি-হারাম খাওয়া বন্ধ করো। এক মাস সময় দিলাম, দুর্নীতি ছেড়ে দাও।’
মন্ত্রীর সামনে লাইসেন্স নিতে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, তিনি ড্রাইভিং লাইসেন্স ফরমের জন্য এসেছেন। সকাল থেকে বসে আছেন। কিন্তু ফরম নেই। তাত্ক্ষণিকভাবে মন্ত্রী ফরম সরবরাহ করার নির্দেশ দেন কর্মকর্তাদের প্রতি।
বিআরটিএ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজ থেকে দেশব্যাপী সড়ক ও জনপথ বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধারে অভিযান চলবে। আজকেই ভোলতা, ভুলতা, সাভার, হেমায়েতপুর, টঙ্গী, চেরাগ আলী বাজার পরিদর্শন করেছি। কোনো প্রভাবশালী প্রভাব খাটাবে, রাস্তা দখল করবে, কাঁচাবাজার দিবে, নিজের ইচ্ছেমতো ব্যবসাপ্রতিষ্ঠান বসাবে আর মানুষ দুর্ভোগ পোহাবে; কোনো অবস্থাতেই তা মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সমন্বিত উদ্যোগে জনগণের দুর্ভোগ লাঘব করা হবে।’ বিআরটিএ কার্যালয়গুলোতে আগের চেয়ে অনেকাংশে দুর্নীতি ও অনিয়ম কমে গেছে দাবি করে মন্ত্রী বলেন, বিআরটিএর ভেতরে এখনো বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে। ধীরে ধীরে ওই সব প্রভাবশালী দুর্নীতিবাজদের চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া পরিদর্শনের সময় কেরানীগঞ্জের কদমতলীতে যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশাচালককে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘আবার যদি রাস্তায় এসব দেখি, তবে পুড়িয়ে দেব।’ বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে যানজট ও চাঁদাবাজি যেন না হয়, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন।
0 comments:
Post a Comment