
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা আন্দোলনের গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এখন আর আন্দোলন করে লাভ নেই। দল গুছান। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’ আজ শুক্রবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগারে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করা হয়।
বিএনপির প্রতি সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি সহিংসতা ছাড়লেও মিথ্যাচার ছাড়েনি। তারা আবারও যেকোনো মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে। তাদের প্রতি আমাদের আহ্বান, সহিংসতা আর মিথ্যাচার ছেড়ে সুস্থ রাজনীতিতে আসুন। সরকার আপনাদের সব ধরনের সহায়তা করবে। অন্যথায়, ব্যবস্থা নেবে।’
আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের জন্যই আমরা ক্ষমতায় এসেছি। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। আমি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথার পুনরাবৃত্তি করতে চাই না। তবে, তাঁর কথা আমাদের কথা।’
আলোচনাসভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফজিলাতুন্নেছা মোশাররফ। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা শাহে আলম, জাহাঙ্গীর আলম, অরুণ সরকার প্রমুখ।
0 comments:
Post a Comment