
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন কৃষিমন্ত্রী। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
দাম না পাওয়ার ক্ষোভে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাষিরা গতকাল বুধবার সকালে কয়েক শ বস্তা আলু ঢেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেন। আলুর ন্যায্যমূল্যের দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। আলুচাষি সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে গতকাল বেলা ১১টায় শতাধিক চাষি রাস্তায় আলু ঢেলে দিয়ে প্রতিবাদ জানান। তাঁরা রাস্তায় আলু ঢেলে তার ওপর শুয়ে পড়ে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
এ ঘটনার পর আজ সংসদে আলুর চাষ ও কৃষকদের দুরবস্থা সম্পর্কে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ নাজমুল হক প্রধানের সম্পূরক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, দেশের বর্তমান আবহাওয়ায় দেশীয় পদ্ধতিতে মাচা তৈরি করে তিন মাস পর্যন্ত আলু সংরক্ষণ করা সম্ভব।
মতিয়া চৌধুরী বলেন, প্রত্যেক বছরই আলুর ফলন নিয়ে একই সমস্যা হচ্ছে। সমস্যা মোকাবিলায় আলু রপ্তানির ব্যবস্থা নেওয়া হয়েছে। চিপস বানানোর জন্য বিশেষ জাতের আলুর চাষ এখন দেশে হচ্ছে। যে কারণে চিপস আমদানি কমে গেছে। সরকারের প্রণোদনায় বেসরকারি উদ্যোগে ৭০০ কনটেইনার আলু রাশিয়ায় যাচ্ছে। দিনে দিনে রপ্তানি আরও বাড়ছে।
ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দেব না
মতিয়া চৌধুরী বলেন, ‘ক্ষুধার জ্বালা সইতে রাজি নই, তবে প্রাচুর্যের বিড়ম্বনা সইতে রাজি। জনগণকে ভাতের বদলে আলু খাওয়ার মতো আহাম্মকি পরামর্শ দেব না। তবুও আল্লাহর কাছে বলব, আরও আলু দাও।’
0 comments:
Post a Comment