Sporty Magazine official website |

যুবরাজের নজর এবার নেহা ধুপিয়ায়!

Wednesday, February 12, 2014

Share this history on :
বলিউডের অভিনেত্রী কিম শর্মা, দীপিকা পাড়ুকোনের পর এবার নেহা ধুপিয়ার সঙ্গে ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রেমের খবর চাউর হয়েছে। ইদানীং এই জুটিকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের প্রেমের জোর গুঞ্জন উঠেছে বলিউডে।

বেশ কিছুদিন ধরেই দারুণ সখ্য গড়ে উঠেছে যুবরাজ ও নেহার মধ্যে। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে। এ ছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হয়ে প্রেমের গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছেন তাঁরা।

সর্বশেষ ৮ ফেব্রুয়ারি গায়িকা ও অভিনেত্রী সোফি চৌধুরীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে যুবরাজ ও নেহাকে। সোফির জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুম্বাইয়ের বিলাসবহুল একটি রেস্তোরাঁয়। একই গাড়ি থেকে নেমে সেখানে ঢুকতে দেখা যায় বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানের নতুন এ জুটিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

সম্প্রতি পদ্মশ্রী খেতাব পাওয়া যুবরাজ সিং এর আগেও বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী কিম শর্মার সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর সম্পর্কের ইতি টানেন যুবরাজ। কিমের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি যুবরাজের মা। মূলত মায়ের অমতের কারণেই কিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন যুবরাজ। এ ছাড়া অল্প সময়ের জন্য ‘রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন ৩২ বছর বয়সী এ তারকা ক্রিকেটার।

অন্যদিকে সাবেক মিস ইন্ডিয়া ও বলিউডের অভিনেত্রী নেহা ধুপিয়ারও একাধিক প্রেমের খবর ফাঁস হয়েছে। স্কোয়াশ খেলোয়াড় ঋতিক ভট্টাচার্যের পাশাপাশি জেমস সিলভেস্টার নামের ভেনেজুয়েলার একজন নাগরিকের সঙ্গেও নেহার প্রেমের খবর চাউর হয়েছিল।

প্রসঙ্গত, ক্রিকেট তারকা ও বলিউডের তারকাদের মধ্যে প্রেমের ইতিহাসটা বেশ দীর্ঘই বলা যায়। বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানে নাম লিখিয়েছেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে সংগীতা বিজলানি-আজহার উদ্দিন, নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডস, ঈশা শর্বাণী-জহির খান, আনুশকা শর্মা-বিরাট কোহলিসহ আরও অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলো নেহা ধুপিয়া-যুবরাজ সিংয়ের নাম।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment