Sporty Magazine official website |

দিন শেষে সঙ্গী হলো আক্ষেপ

Thursday, February 6, 2014

Share this history on :
তৃতীয় দিনটি অনায়াসে বাংলাদেশ নিজেদের করে নিতে পারত।  নিজেদের করে নেওয়ার সব উপকরণই ছিল সাজানো। দরকার ছিল কেবল সুযোগটা কাজে লাগানো। সুযোগের সদব্যবহার কি পুরোপুরি করতে পেরেছে বাংলাদেশ? ১ উইকেটে ২৩২ থেকে দিন শেষ করতে হলো ৮ উইকেটে ৪০৯-এ। মাঝে সময় কাটল ফলোঅন এড়ানোর ‘শঙ্কায়’।  ফলোঅনের ফাঁড়াটা আপাতত কেটেছে বটে। তবে দুশ্চিন্তার মেঘ যে মাথার ওপরেই ভেসে বেড়াচ্ছে। মুশফিকুর রহিমের দল এখনো পিছিয়ে ১৭৮ রানে, হাতে উইকেট অবশিষ্ট দুটি। 

শামসুর রহমান আর ইমরুল কায়েসের সেঞ্চুরিতে চট্টগ্রামে শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। দুরন্ত গতিতে এগিয়ে চলা ইনিংস-গাড়ি হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ার উপক্রম হলো। শামসুর-ইমরুলের দ্বিতীয় উইকেটে জুটিতে এল ২৩২ রান। এর পরের ১৬৪ রানে হাওয়া হয়ে গেল ৭ উইকেট। 

শামসুর আর ইমরুলের সেঞ্চুরির পরও আজ দিনে পতন ঘটা উইকেটগুলোই মন খারাপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইমরুল-শামসুর-মুমিনুল-সাকিব, একটি উইকেটও কি টেস্টসুলভ! দ্বিতীয় উইকেটে ২৩২ রান তোলা ইমরুল ও শামসুর পুরো সময় এত ভালো খেললেন, সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন নিজেদের সামর্থ্য, উইকেটে টিকে রইলেন এতক্ষণ, কিন্তু তাঁদের বিদায় যেন কেমন বেসুরো ঠেকল! অজন্তা মেন্ডিসের বলে শামসুর যে শটটি খেলে বোল্ড হলেন, তার কোনো দরকার ছিল? ১৯১টি বল খেলে ১০৬ রান করা এই ব্যাটসম্যান কি পারতেন না নিজের সংগ্রহকে আরও স্ফীত করার চেষ্টা নিতে? পারতেন না মাথা ঠান্ডা রেখে দলের প্রয়োজনে আরও কিছুক্ষণ উইকেট আগলে থাকতে?
একই অভিযোগ ইমরুল কায়েসের বিরুদ্ধেও। ওই মেন্ডিসের বলেই বাইরে বেরিয়ে এসে শট খেলার পাগলামিতে কেন তাঁকে পেয়ে বসল—তার উত্তর নেই। দীর্ঘক্ষণ উইকেটে ছিলেন, হয়তো কিছু শারীরিক সমস্যাও হচ্ছিল, কিন্তু হঠাত্ করেই কেন এত ধৈর্যহারা হবেন? মুমিনুল হক সুইপ শট খেলে আউট হয়েছেন। মাত্র উইকেটে আসা একজন ব্যাটসম্যানের জন্য বিপজ্জনক এ শটটি খেলার আগে মুমিনুল কি একবারও ভাবলেন না কুমার সাঙ্গাকারার মতো ব্যাটসম্যান দেড় শয়ের আগে একবারও এমন শট খেলেননি!
সাকিব গত টেস্টের মতো চট্টগ্রামেও ধারাবাহিক ছিলেন বটে। তবে সেট হয়েও প্রতিপক্ষের বোলারদের উইকেটে বিলিয়ে দেওয়ার কি মানে! তাঁর ৫০ রানের ইনিংসের ফিতে কি আরও লম্বা করা যেত না? নাসির হোসেনকেও একই অভিযোগে অভিযুক্ত করা যায় অনায়াসে। উইকেটে থিতু হওয়ার পর ৪২ রানেই দিয়ে এলেন উইকেটটি। সাঙ্গাকারা যেখানে ৩১৯ রান করেও আত্মতুষ্টিতে ভোগেন না, সেখানে শতক বা অর্ধশতকের পর কেন বাংলাদেশি ব্যাটসম্যানরা নিজেদের আরও বড় অর্জনের পথে প্রয়োগ করতে পারেন না?
বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মাহুতির দিনে অজন্তা মেন্ডিসের কৃতিত্বকে খাটো করার উপায় নেই। বহুদিন পর নিজেকে  চেনালেন মেন্ডিস। তুলে নিলেন ৪ উইকেট। মেন্ডিসের দিনে দিলরুয়ান পেরেরাও কম যাননি। ডানহাতি এ স্পিনার ঝুলিতে পুরেছেন ৩ উইকেট।  

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment