
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মারা গেছেন স্বামী-স্ত্রীসহ চারজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মাইক্রোবাস যাত্রী ভৈরবের দুই ব্যবসায়ী রায়হান, পিয়াস এবং তাদের বন্ধু শাহিন ও তার ইতালী প্রবাসী স্ত্রী লিজা আক্তার।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার শাহিন মিয়া তার ইতালী প্রবাসী স্ত্রী লিজাকে বিমানবন্দরে পৌছে দেয়ার জন্য দুই বন্ধু রায়হান ও পিয়াসকে নিয়ে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিলেন।
মাইক্রোবাসটি নরসিংদীর নারায়ণপুরের গকুলনগর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাস চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছেন। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি আটক করেছে।
0 comments:
Post a Comment