Sporty Magazine official website |

বস্তিতে আগুনে পুড়ে মারা গেল ঘুমন্ত শিশু

Sunday, February 9, 2014

Share this history on :

রাজধানীর মধুবাগ ঝিলপাড়সংলগ্ন বস্তিতে গতকাল শনিবার সকালে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যে পুড়ে মারা গেছে মো. সবুজ নামের তিন বছরের এক শিশু। আগুনে ওই বস্তির ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে দরিদ্র পরিবারগুলো।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকাল সোয়া আটটার দিকে বস্তিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা আত্মরক্ষার্থে দিগিবদিক ছোটাছুটি করতে থাকে। কেউ কেউ ঘর থেকে মালামাল সরিয়ে নেওয়ারও চেষ্টা করে। সকাল সাড়ে আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। 
প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিভে যাওয়ার পর দেখা যায় একটি শিশুর দগ্ধ লাশ। তার নাম মো. সবুজ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মর্গে লাশ আনার পর সেখানে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দুই ভাইবোনের মধ্যে সবুজ ছোট। বড় বোন সাথী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের শিমুলকুচিতে। বাবা রিকশাচালক হাসমত আলী। মা মদিনা বেগম।
মদিনা বেগম সাংবাদিকদের বলেন, তিনি বাসায় বাসায় কাজ করেন। তাঁর স্বামী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে গেছেন। গতকাল সকালে সবুজ ও সাথীকে রেখে কাজে বের হয়ে যান তিনি। সবুজ ঘুমিয়ে ছিল। যাওয়ার সময় সাথীকে ভাত গরম করে রাখতে বলেন। কিছুক্ষণ পর সাথী বাইরে চুলায় ভাত গরম করতে যায়। তখনই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হাসান বলেন, পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার ও পানীয় জল সরবরাহ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর মুহম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকে এটা ঘটেছে। ৬০ থেকে ১০০টি ঘর পুড়ে গেছে। তবে আরও অধিকতর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হবে।
গতকাল দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এলাকা পরিদর্শন করেন। আজ রোববার দুপুরে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment