প্যারিসের পরিত্যক্ত মেট্রো স্টেশনগুলোকে ভৌতিক অবস্থায় ফেলে না রেখে সেগুলোকে ভিন্নভাবে ব্যবহার করার পরিকল্পনা করছেন মেয়র পদপ্রার্থী নাথালি কসসিয়াস্কু-মরিসে। শুধু চিন্তা-ভাবনাতেই থেমে নেই তাঁর কাজ। মেধাবী স্থপতিদের সঙ্গে নিয়ে নকশা করে পরিত্যক্ত স্টেশনগুলোর ভিন্ন ব্যবহারের কল্পচিত্রও প্রকাশ করেছেন তিনি। চমত্কার পরিকল্পনায় নয়নাভিরাম এসব নকশা দেখে সবাই হয়তো একমত হবেন যে, ভোটে জেতার মতো প্রস্তাবই বটে! কিন্তু এ জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেবে কে?
নির্বাচনে জিতলে এটা করব, ওটা করব—এমন রাজ্যের প্রতিশ্রুতি সব দেশের রাজনীতিকেরাই দেন। তবে সে সবের বেশির ভাগই হয়ে থাকে দেশের নানান সমস্যা আর সংকট সমাধানের প্রশ্নে। কিন্তু চলতি সমস্যা আর তার সমাধানের বাইরেও কথা থাকে। কথা থাকে সুন্দরের স্বপ্ন আর নতুনের সম্ভাবনার। তেমনি এক ভবিষ্যবাদী নির্বাচনী ওয়াদা করেছেন এক মেয়র পদপ্রার্থী। আর এমনটা হবেই না বা কেন নগরটি যখন শিল্প আর সুন্দরের রাজধানী বলে খ্যাত প্যারিস।
ফ্রান্সের রাজধানীতে এমন ১৬টি মেট্রো স্টেশন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলোর বেশির ভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত হয়। আর দুটি স্টেশন নির্মাণ করা হলেও কখনোই চালু করা হয়নি। অবশ্য পাতালপুরির এমন কয়েকটি স্টেশনকে সাময়িকভাবে বিজ্ঞাপনী প্রচারাভিযানের কাজে বা চলচ্চিত্রের সেটের কাজে ব্যবহার করা হয়েছে। ফরাসি পরিচালক জ্যঁ পিয়েরে জুনে তাঁর বিখ্যাত সিনেমা ‘আমিলি’তে নায়িকা আমিলি পোলেইনের প্রিয় মেট্রো স্টেশনের সেট বানানোর জন্য বেছে নিয়েছিলেন পরিত্যক্ত পোর্তে-দেস-লাইলাস স্টেশনটিকে। এদিকে, সেন্টমার্টিন স্টপের কাছের পরিত্যক্ত স্টেশনটি শীতকালে গৃহহীনদের আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে কিছুদিন ধরে।
নাথালি মার্চের নির্বাচনে কতটা জনসমর্থন পাবেন, তা অনিশ্চিত। জানুয়ারির সর্বশেষ জরিপ অনুযায়ী, তাঁর ভোটে জেতার সম্ভাবনা কম। তবে, নিকোলা সারকোজির সরকারে কিছুদিন মন্ত্রী হিসেবে কাজ করা এই নারী পরিত্যক্ত মেট্রো স্টেশনকে ঘিরে নতুন যে স্বপ্নের বীজ বুনেছেন, তা অনেককেই অনুপ্রাণিত করতে পারে।
0 comments:
Post a Comment