Sporty Magazine official website |

সান্ত্বনার জয়টিও পেল না বাংলাদেশ

Saturday, February 22, 2014

Share this history on :
শেষ ম্যাচে সান্ত্বনার জয়টিও এলো না বাংলাদেশের। হলো না এশিয়া কাপের আগে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। সিরিজ জুড়ে ব্যর্থতার বৃত্তেই আটকে রইল মুশফিকুর রহিমের দল। শেষ ম্যাচে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলকে বড় এক অশনি সংকেতই দিল শ্রীলঙ্কা। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কাছে ধবলধোলাইয়ের পর প্রায় দুই বছর পর শ্রীলঙ্কার কাছে একই লজ্জা পেল মুশফিকুরের দল। দুই বছর পর দেশের মাটিতে সিরিজও হারল বাংলাদেশ।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৪১ রানের লক্ষ্য খেলতে নেমে শ্রীলঙ্কার অবশ্য খুব একটা হোঁচট খেতে হয়নি। গত দুই ম্যাচে ভালো রান না পেলেও ওপেনার কুশল পেরেরা নিজেকে চেনাতে বেছে নিলেন সিরিজের শেষ ম্যাচটি। ছুঁলেন প্রথম ওয়ানডে শতক। রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে এ বাঁ হাতির সংগ্রহ ১০৬। ম্যাচ সেরাও তিনি। পেরেরাকে সঙ্গ দেওয়া দিনেশ চান্ডিমাল করলেন ১১তম ওয়ানডে অর্ধশতক। মূলত এই দুজনের জুটির কাছেই হারল বাংলাদেশ। ৬০ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে পেরেরা-চান্ডিমাল মিলে ১৩৮ রান যোগ করেন।

শুধু তা-ই নয়, এ সময় টানা ২৩.১ ওভার উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। রুবেলের পরপর দুই ওভারে পেরেরা-চান্ডিমাল দুজনই ফিরেছেন। কিন্তু ততক্ষণে ম্যাচ শেষ। আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস (২০*) ও অশান প্রিয়ঞ্জন (২২*)। ১৫ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা পেল সহজ এক জয়। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ ও রুবেল পেয়েছেন দুটি করে উইকেট।

তবুও আশায় বসতি। সামনে অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট। শ্রীলঙ্কা সিরিজের ভুলগুলো শুধরে যদি আসন্ন টুর্নামেন্টগুলোয় সাফল্যের দেখা পায় মুশফিকরা, তবে সাময়িক এ ব্যর্থতার যাতনা উবে যেতে খুব একটা সময় লাগবে না। মুশফিকও নিশ্চয় চাইবেন অতীতের ব্যর্থতা ভুলে কেবলই সামনে তাকাতে। প্রেরণা হতে পারে গত এশিয়া কাপটিই। যেখানে ভারত-শ্রীলঙ্কা দুদলকেই হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ মাত্র ২ রানের জন্য ফাইনালে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment