.jpg)
আজ শুক্রবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ওই তালিকা প্রকাশ করে আম আদমি পার্টি। ‘দুর্নীতিগ্রস্তদের’ তালিকা প্রকাশ করার কোনো ইঙ্গিত কেজরিওয়াল বা তাঁর দলের পক্ষ থেকে আগে কেউ দেননি। এ কারণে ওই তালিকাকে একদিক দিয়ে চমকই বলা যায়।
তালিকায় নাম থাকা ‘অসৎ’ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লোকসভার আগামী নির্বাচনে আম আদমি পার্টি প্রার্থী দেবে বলে কেজরিওয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তাঁদের লড়াই ক্ষমতা দখলের জন্য নয়, তাঁদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে।
কেজরিওয়াল বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ও পারিবারিক উত্তরাধিকার সূত্রে কাউকে লোকসভায় জিততে না-দেওয়া তাঁদের দলের লক্ষ্য।
গতকাল বৃহস্পতিবার আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়, এবারের লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসনের মধ্যে এএপি ৩৫০ আসনে লড়াই করবে। আজকের বৈঠকের পরে আসনগুলিতে কাদের বিরুদ্ধে নিশ্চিত প্রার্থী দেওয়া হবে, তা তিনি জানান। এ ঘোষণাতেই ‘অসৎ’ রাজনৈতিক নেতাদের নাম উঠে আসে।
তালিকায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর নাম থাকলেও কেজরিওয়াল প্রথমে তা বলতে চাননি। ভাষণের শেষ দিকে তিনি সেটি উল্লেখ করে বলেন, ‘আমি এই তালিকাটা পেশ করলাম। এঁদের মধ্যে কাউকে সৎ মনে করলে আপনারা আমাকে বলবেন। এঁদের সংসদে পাঠানো হবে, নাকি এঁদের পরাজিত করা হবে, সে বিষয়ে আমি দেশের মানুষের মতামত জানতে চাই।’
কেজরিওয়ালের তালিকায় কংগ্রেসের রাহুল গান্ধী ছাড়াও নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল, কমলনাথ, ফারুক আবদুল্লা, পি চিদাম্বরম, জি কে ভাসান, সুশীল কুমার সিন্ধে, সালমান খুরশিদ, বীরাপ্পা মইলি, শ্রীপ্রকাশ জয়সোয়াল, নবীন জিন্দাল, অবতার সিং বাধানা, পবন বনসল, অনু ট্যান্ডন, সুরেশ কালমাদি ও তরুণ গগৈয়ের। রয়েছে বিজেপির সাবেক সভাপতি নীতিন গড়কড়ি, কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, অনুরাগ ঠাকুর ও অনন্ত কুমার। সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতীর নামও ‘অসৎ’দের তালিকায় রাখা হয়েছে। কেজরিওয়াল বলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই দল এবার ভোটে প্রার্থী দেবে। তাঁদের পার্লামেন্টে না-পাঠানোর জন্য দল সর্বশক্তি নিয়োগ করবে। তাঁদের বাইরে আরও ‘অসৎ’ রাজনৈতিক নেতা থাকলে তাঁদের নাম তালিকাভুক্ত করতে দলকে তিনি নির্দেশ দেন।
তালিকায় নরেন্দ্র মোদির নাম না-থাকলেও কেজরিওয়াল তাঁকে ছেড়ে দেননি। তাঁর কটাক্ষ, মোদি ও রাহুল গান্ধীর ভাবমূর্তি তৈরি করতে দুই দলই ৫০০ কোটি রুপি করে খরচ করছে!
0 comments:
Post a Comment