Sporty Magazine official website |

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

Sunday, January 12, 2014

Share this history on :
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববারও বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচি পালন করেছে।
এসব সমাবেশে বক্তারা বলেন, প্রতিবারই নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা হয়। এর কোনো বিচার হয় না। বিচার হয় না বলেই দুষ্কৃতকারীরা বারবার এমনটি ঘটায়। এবার গণধর্ষণেরও ঘটনা ঘটেছে। সমাবেশ থেকে জড়িত লোকজনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
নেত্রকোনা: কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখা। বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, যুব ইউনিয়নের নেতা জেসমিন আক্তার, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নিহার সরকার প্রমুখ। এদিকে একই দাবিতে বারহাট্টা উপজেলায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সকালে মানববন্ধন ও মিছিল হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার): মানববন্ধন ও মৌন মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে জুড়ী-কুলাউড়া-বড়লেখা সড়কে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কন্দর্প নারায়ণ দে, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অমূল্য দাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ প্রমুখ।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মানবতাবাদী সম্মিলিত নাগরিক সমাজ শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। পৌর এলাকার চৌমোহনায় বেলা সাড়ে তিনটায় ২২টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাঁচ শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সভাপতি সাইয়্যিদ মুজিবুর রহমান। বক্তব্য দেন পান্না লাল সোম, বিরাজ সেন, কমলকলি চৌধুরী, জহর তরফদার, অয়ন চৌধুরী, রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সনাতন সংঘের ব্যানারে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সংঘের সভাপতি সুবাস চন্দ্র দাস, ছাত্রবিষয়ক উপদেষ্টা সুলতান উদ্দিন ভূঞা, প্রক্টর মো. শহীদুর রহমান খান প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস), গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment