
পাঁচ বছরের আগে বাংলাদেশে আর কোনো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া বর্তমান সরকারের ওপর কোনো বিদেশি চাপও নেই।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠকের পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন।
বর্তমান সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে, জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পাঁচ বছরের আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’ "
বিএনপিবিহীন ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর আগে থেকেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, দশম নয়, একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনা হতে পারে। সংলাপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁদের বলেছি, সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তবে বর্তমান সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে।’
বর্তমান সরকারের ওপর বিদেশি কোনো চাপ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘না, কোনো চাপ নেই। রাষ্ট্রদূতরা আমাদের সঙ্গে বৈঠক করছেন, বিদেশের সরকারপ্রধানেরাও নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। এতে প্রমাণ হয় আমাদের ওপর কোনো চাপ নেই।’
0 comments:
Post a Comment