
আইসিসির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। আইসিসির প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি বৈঠক ডেকেছিল ডব্লিউআইসিবি। আজ বুধবার একই প্রসঙ্গে ফের বৈঠকে বসবেন বোর্ডের নীতি-নির্ধারকেরা।
ডব্লিউআইসিবির ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ আজ (সোমবার) টেলিকনফারেন্সের মাধ্যমে আইসিসির প্রশাসনিক, আর্থিক, টেস্ট ক্রিকেটের দ্বি-স্তর ও অন্যান্য প্রতিযোগিতার কাঠামো পরিবর্তন প্রসঙ্গে আলোচনা করেছে। বোর্ড বুধবার (আজ) টেলিকনফারেন্সের মাধ্যমে ফের এ প্রসঙ্গে বৈঠক করবে।
এদিকে ডব্লিউআইসিবির পরিচালক বালদাথ মাহাবির বলেন, ‘যেকোনো সময়ে মানুষ দ্বিধাবিভক্ত হতে পারে, যা কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। প্রস্তাবটি দেখলে দেখা যাবে, আইসিসির তাবত্ ক্ষমতা মাত্র তিনটি সদস্য দেশ নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে। এর ফল অশুভ হতে বাধ্য। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে খেলাটির বিস্তৃতি ঘটানো প্রয়োজন। এই প্রস্তাব ক্রিকেটের একচেটিয়াকরণকেই ত্বরান্বিত করবে। কীভাবে এটি ক্রিকেটের মঙ্গল বয়ে নিয়ে আসবে, সেটা আমাদের বোধগম্য নয়।’
এরই মধ্যে এ প্রস্তাবের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) একই পথে হাঁটার চিন্তাভাবনা করছে। আসছে ২৮ ও ২৯ জানুয়ারি আইসিসির ত্রৈমাসিক সভায় বিতর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। সূত্র: উইন্ডিজক্রিকেট ডটকম ও আইএএনএস।
0 comments:
Post a Comment