Sporty Magazine official website |

সংবিধান লঙ্ঘন করে একই সঙ্গে দুই সংসদ কার্যকর

Friday, January 10, 2014

Share this history on :

নির্বাচনের বৈধতা নিয়ে দেশ-বিদেশে গুরুতর প্রশ্ন এবং নবম সংসদ বহাল থাকার মধ্যেই দশম সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণে সাংবিধানিক বাধা থাকলেও গতকাল তড়িঘড়ি করে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ফলে বর্তমানে দেশে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বের ইতিহাসে নতুন সংযোজন।
এদিকে দশম সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা গতকাল শপথ নেয়ার পরপরই সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা মনোনীত করেছেন। এরপর গতকাল সন্ধ্যায়ই রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। রোববার নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
তবে নবম সংসদ বহাল থাকার মধ্যেই দশম সংসদ নির্বাচনে জয়ী সদস্যদের শপথের মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধানের ১২৩ ধারা অনুসারে সংসদ সদস্যদের শপথ নেয়ার সঙ্গে সঙ্গেই তারা কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে। অন্যদিকে নবম সংসদ এখনো বহাল আছে।
সংবিধান বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের প্রধান আইন কর্মকর্তা ড. শাহদীন মালিক বলেছেন, ‘দেশে এখন দুটি সংসদ বহাল হলো। এর মধ্য দিয়ে আমরা বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করলাম।’
চ্যানেল টোয়েন্টিফোরকে দেয়া সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন। অবশ্য এ বিষয়ে গতকাল পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুবে আলম বলেন, ‘নবম সংসদের এমপিরা এখনো তাদের আসনে অধিষ্ঠিত আছেন। সংবিধানের ১২৩ ধারা মোতাবেক নতুন এমপিরা আইনের আওতায় থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে সংসদে কোনো আইন প্রণয়ন করতে পারবেন না।’
তিনি জানান, ২৪ জানুয়ারি থেকে দশম সংসদের এমপিরা দায়িত্বভার গ্রহণ করতে পারবেন।
এ ব্যাপারে ভিন্নমত পোষণ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে যারা শপথ নিয়েছেন তারাই সংসদ সদস্য। আর কোনো সংসদ সদস্য নেই। নবম সংসদ আর নেই।’
তবে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান নিম্নরূপ : ‘(৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে (ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে: এবং (খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে: তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ-সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।’
দশম সংসদ নির্বাচন ১২৩ অনুচ্ছেদের (ক) উপ-দফা মতে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং সংবিধান অনুসারে ‘নির্বাচিত ব্যক্তিগণ’ আগামী ২৪ জানুয়ারি অর্থাত্ ‘মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ-সদস্যরূপে কার্যভার গ্রহণ করতে পারেন না।’ কিন্তু শপথ নিয়ে গতকাল তারা কার্যভার গ্রহণ করেছেন।
সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, নতুন নির্বাচনের ফলাফল সরকারি বিজ্ঞপ্তি বা গেজেট দ্বারা প্রকাশ করে ইসি সংবিধানের ১২৩ অনুচ্ছেদের তিন দফার শর্ত নির্দিষ্টভাবে লঙ্ঘন করেছে। শপথ পড়ানোর দায়িত্ব নিয়ে স্পিকারও তার শপথ লঙ্ঘন করেছেন। শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন।
নবনির্বাচিত এমপিদের শপথ, শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত
সরকার গঠনে রাষ্ট্রপতির আহ্বান, রোববার নতুন মন্ত্রিসভার শপথ
গতকাল জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন। ২৮৪ জনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৬, জাতীয় পার্টি ৩১, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৬, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৪, জাতীয় পার্টি (মঞ্জু) ১, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) ১, তরীকত ফেডারেশন ১ ও স্বতন্ত্র ১৪ জন সংসদ সদস্য শপথ নেন। প্রথম পর্যায়ে সকাল ১০টা ২০ মিনিটে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
দ্বিতীয় পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে রওশন এরশাদের নেতৃত্বে জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তবে ব্যাপক জল্পনা-কল্পনা থাকলেও শপথ নেননি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি টানা ২৭ দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। জাপার সংসদীয় দল রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরপর অন্য দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয়ার পর সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের নেতা হিসেবে তিনি সংসদেরও নেতা নির্বাচিত হয়েছেন। সংসদীয় দলের বৈঠকে প্রস্তাব উত্থাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন দলের সংসদ সদস্য আবদুস শহীদ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী সাক্ষাত্ করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম বঙ্গভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন এবং সাড়ে ৭টায় বের হয়ে আসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং কেবিনেট সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াও এ সময় তার সঙ্গে ছিলেন। এর আগে গতকাল সকালে দশম সংসদের ২৮৩ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের এক ঘণ্টা পর কেবিনেট সচিব মোশাররফ বলেন, নতুন মন্ত্রিসভা রোববার শপথ গ্রহণ করবে।
দশম সংসদের ৩০০ আসনের মধ্যে ৮টি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জাতীয় পার্টি-জেপি ১, তরীকত ফেডারেশন ১, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যশোর-১ ও যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ২ জন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের নাম গেজেটে প্রকাশ করা হয়নি। কমিশনের তদন্তে তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অভিযুক্ত দুজনের কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া গেলে তাদের নাম গেজেটে প্রকাশ করা হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের প্রার্থিতা বাতিল হবে বলে অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ জানিয়েছেন।
৮টি আসনের স্থগিত কেন্দ্রে ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে। আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।
সংবিধান অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে যেকোনো একটি আসন রেখে অন্যগুলো ছেড়ে দিতে হয়। নির্বাচন কমিশন সে আসনগুলো শূন্য ঘোষণা করে। দশম সংসদে কেবল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬—এ দুটি আসনে নির্বাচিত হয়েছেন। তিনি গোপালগঞ্জ-৩ আসন রেখে রংপুর-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment