
ফেনীর তিনটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগাম মঞ্চ নির্মাণ করায় মঙ্গলবার থেকে শহরের প্রধান সড়কটির একাংশ যান চলাচল বন্ধ রয়েছে। এতে শহরের অন্যান্য সড়কগুলোতে যানজট তীব্র আকার ধারণ করেছে। আগামী শনিবার বিকালে সংবর্ধনা দেয়া হবে।
এই উপলক্ষে শহরের ট্রাংক রোডের মডেল থানার সামনে নির্মাণ করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। সেই সঙ্গে পুরো শহরে দুই অতিথি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগ নেতা (সদ্য অব্যাহতি প্রাপ্ত) আলাউদ্দিন চৌধুরী নাসিমের ছবি সম্বলিত অসংখ্য তোরণ ও ব্যানার-পেস্টুন লাগানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে দুর্ভোগ বেড়েছে পথচারীদের। সংশ্লিষ্ট সড়কের দোকানগুলোতে কেনাবেচা অনেকটা বন্ধ। সংবর্ধনার চার দিন আগে থেকে শহরের প্রধান সড়ক বন্ধ করে দেয়ার নজিরবিহীন ঘটনাটি তাও আবার ফেনী মডেল থানার সামনে।
এ ব্যাপারে মুখ খুলতে রাজী না আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা। শনিবার অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ফেনী-১ আসনের শিরিন আক্তার (জাসদ), ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী (আওয়ামীলীগ) এবং ফেনী-৩ হাজী রহিম উল্যা (স্বতন্ত্র)কে সংবর্ধনা দেয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, এই সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীও জনসভা করেছিলেন। তাদের মঞ্চ নির্মাণে একদিনের বেশি সময় লাগেনি। অথচ কিছু অতি উৎসাহী ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী মঞ্চ নির্মাণের নামে সড়ক বন্ধ রেখে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
0 comments:
Post a Comment