Sporty Magazine official website |

বিদেশিনী বউ ঘরে আনছেন সালমান!

Monday, March 10, 2014

Share this history on :
একের পর এক প্রেম আর বিচ্ছেদের পথে হেঁটে বোধ হয় হাঁপিয়েই উঠেছেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। এবার সম্ভবত সত্যি সত্যিই বিয়ে করে থিতু হতে যাচ্ছেন এ ‘দাবাং’ তারকা। অন্তত তাঁর বয়ানে এমন আভাসই পাওয়া গেছে। সম্প্রতি নিজের বিয়ে নিয়ে তিনি বলেছেন, ‘দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করার সময় এসে গেছে। কারণ খুব শিগগির আমার জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে।’ বিদেশিনী বউ ঘরে আনবেন বলেও জানিয়েছেন খান সাহেব।

৪৮ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিয়ের পথ মাড়াননি সালমান খান। অগণিত সালমান-ভক্তের ইচ্ছে দ্রুত বিয়ে করে থিতু হোন তিনি। কিন্তু বরাবরই তিনি বিয়ে নিয়ে অনীহা প্রকাশ করেছেন। আশা জাগানিয়া বিষয় হলো, হঠাত্ করেই সুর পাল্টেছেন সালমান। সম্প্রতি মিডিয়ার সঙ্গে নিজের বিয়ে নিয়ে আলাপচারিতার সময় খুব শিগগির চূড়ান্ত একটি পদক্ষেপ নেবেন বলেই আভাস দিয়েছেন ‘মুঝছে শাদি কারোগে’খ্যাত এ তারকা অভিনেতা।

এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘বর্তমানে আমার জীবনে একপর্যায় থেকে আরেক পর্যায়ে উত্তরণের মধ্যবর্তী সময় চলছে। বিষয়টিকে আমি দারুণ উপভোগ করছি। ১৫ বছর বয়স থেকে শুরু করে আজ অবধি আমার জীবনে কখনোই এমন সময় আসেনি। জীবনে প্রথমবারের মতো এত বেশি দীর্ঘশ্বাস ফেলছি আমি। আড়াই বছর আগেও আমার দীর্ঘশ্বাস ফেলার মাত্রা এতটা প্রবল ছিল না। কিন্তু দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করার সময় এসে গেছে। কারণ খুব শিগগির আমার জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে।’

সালমান আরও বলেন, ‘আমার বাবা একজন পাঠান, আর মা হিন্দু। দ্বিতীয় মা বার্মিজ ক্যাথলিক। ভাবি পাঞ্জাবি। আমি নিজের জন্য দেশের বাইরে থেকেই বউ আনার চিন্তা-ভাবনা করছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
সহ-অভিনেত্রী থেকে শুরু করে একাধিক বিদেশিনীর প্রেমে মজে বহুবার মুখরোচক খবরের জোগান দিয়েছেন সালমান। এ বিষয়ে জানতে চাইলে তাঁর সোজাসাপ্টা জবাব, ‘আমি মনে করি, আমার জীবনের জন্য তাঁরা ঠিক মানুষই ছিল। মেয়ে হিসেবে তাঁদের প্রত্যেকেই ছিল চমত্কার। কিন্তু তাঁদের জন্য আমি মোটেও ভালো ছেলেবন্ধু ছিলাম না। আমার প্রেমিকাদের মুখ থেকে আমি এমন কথাও শুনেছি যে, বন্ধু হিসেবে আমি চমত্কার। কিন্তু ছেলেবন্ধু হিসেবে আমি দুর্বিষহ।’

বলিউডের অভিনেত্রী সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, অসিন, স্নেহা উলাল, মেহেক চাহাল, জেরিন খানের পাশাপাশি একাধিক বিদেশিনীর সঙ্গে সালমানের প্রেমের খবর নিয়ে শোরগোল উঠেছে বলিউডে। সালমানের বিদেশিনী প্রেমিকার তালিকায় আছে সোমি আলী, ব্রুনা আবদুল্লাহ, ক্লদিয়া সিজলা, হ্যাজেল কিচ, ইলুলিয়া ভেঞ্চুর ও এলি আবরামের নাম।

বলিউডের অন্যতম কাঙ্ক্ষিত ব্যাচেলর হওয়া সত্ত্বেও বিয়ে নিয়ে সালমানের গড়িমসির বিষয়টি নতুন কিছু নয়। বহুবার প্রেমে পড়লেও আজ পর্যন্ত তাঁর কোনো প্রেমই টেকেনি। একের পর এক প্রেমে ব্যর্থ হয়ে বলিউডে বিরল নজিরই গড়েছেন তিনি। বহুবার বিয়ে-সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। একটা সময়ে বিয়ে-সংক্রান্ত প্রশ্ন শুনলেই তা এড়িয়ে চলার চেষ্টা করতেন তিনি।

এই তো গত জানুয়ারি মাসেই এক সাক্ষাত্কারে সালমান বলেছিলেন, ‘বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। এমনকি প্রেমিকা পাওয়ার আগ্রহও আর কাজ করে না আমার ভেতর। একাকী জীবনকে অনেক বেশি উপভোগ করছি। আমি ৩০ বছর আগেই প্রাপ্তবয়স্ক হয়েছি। সেই অর্থে ৩০ বছর ধরে ব্যাচেলর জীবন কাটাচ্ছি। সত্যিই এ জীবন নিয়ে আমি অনেক খুশি। কেউ ধারণাও করতে পারবে না এই আনন্দের অনুভূতি কতটা তীব্র!’

একাকী জীবনের গুণগান গাইতে গিয়ে সালমান আরও বলেছিলেন, ‘এখন আমি সম্পূর্ণ একা। আমার জীবনে কেউ নেই। এ জন্য মন যা চায়, তা-ই করতে পারি। কারও কাছে জবাবদিহি করতে হয় না। কাউকে মিথ্যে বলারও প্রয়োজন হয় না। চাইলে যে কেউ আমার জীবনে আসতে পারে। আমার জীবনের সঙ্গে জড়ালেও আমার কাছে কিছু প্রত্যাশা করে কোনো লাভ নেই।’

দেরিতে হলেও বিয়ে নিয়ে সালমানের অনীহা কেটে যাওয়ার বিষয়টি নিঃসন্দেহে সালমান-ভক্তদের জন্য অনেক বেশি আনন্দের। হুট করে বিয়ে করার সিদ্ধান্ত বাতিল করে ভক্তদের আনন্দকে তিনি মাটি করে দেবেন না—এমনটাই প্রত্যাশা সবার।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment