Sporty Magazine official website |

হারে শুরু হারেই শেষ

Thursday, March 6, 2014

Share this history on :
এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচেও পরাজয়ের তেঁতো স্বাদ নিতে হল বাংলাদেশকে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলংকার কাছে তিন উইকেটে হারলো স্বাগতিকরা। পুরো টুর্নামেন্টে নিজেদের চারটি খেলাতেই হেরেছে বাংলাদেশ। টাইগারদের এমন পারফরম্যান্সে হতাশ দেশের ক্রিকেট প্রেমী কোটি দর্শক। গত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছিল যে বাংলাদেশ, মাত্র দুই রানের ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে যারা সে কাপ ঘরে তুলতে পারেনি তারা এবার স্বপ্ন দেখেছিল সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার, স্বপ্ন দেখেছিল নিজের মাটিতে আবার অনুষ্ঠিত এশিয়া কাপের শিরোপা ছিনিয়ে নেয়ার। কিন্তু এবারের টুর্নামেন্টে অন্য সবদলতো বটেই, খোদ আফগানিস্তানের কাছে হেরে গিয়ে লজ্জায় ডুবলো মুশফিক বাহিনী। হতাশ হলো গোটা দেশবাসী। তারপর পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহার গড়েও জয়ের স্বাদ নিতে পারেনি টাইগাররা।

বাংলাদেশকে গ্যালারিতে বসিয়ে দিয়ে শনিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। অবশ্য টুর্নামেন্টের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে রেখে ছিল শ্রীলংকা। কাল মিরপুরে বাংলাদেশ এবং শ্রীলংকার ম্যাচটি ছিল নিয়ম রক্ষার লড়াই। এই ম্যাচে জিতলে বা হারলেও লংকান বাহিনীর লাভ-ক্ষতি ছিল না। ফাইনালের আগে বোলিং ব্যাটিংটা অনুশীলনই করে নিলেন শ্রীলংকান ক্রিকেটাররা। ম্যাচ জিততে পারলে ঘায়ের উপর শীতল প্রলেপ পাওয়া ছাড়া আর কিছুই হতো না এশিয়া কাপের এই আসর থেকে। সেটা পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। মুশফিক, এনামুল, নাসির, সামসুর রহমানরা এমনভাবে মুখ থুবড়ে পড়বেন তা কারো কল্পনায় ছিল না।

এদেশের ক্রিকেট প্রিয় মানুষ বার বার স্বপ্ন নিয়ে মাঠে যান। টিভির সামনে বসেন। বাংলাদেশের কোনো আশা ছিল না। তারপরও গতকাল মিরপুরে কয়েক হাজার তরুণ-তরুণী মিরপুরে গেলেন ক্রিকেটারদের উত্সাহ দিতে। অন্তত একটা জয় যদি পাওয়া যায়। প্রত্যাশার ডালি সাজিয়ে বসলেন গ্যালারিতে। দিবারাত্রির খেলায় দুপুরে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নেয়। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা এনামুল হক বিজয় এবং সামসুর রহমান শুভ ব্যাটিংটা ভালোই করছিলেন। অনেকের মনে হচ্ছিল স্কোর বোর্ডে ভালো রান হবে। ৭৪ রানে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৭ বলে ৩৯ রান করে মেন্ডিজের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফিরে আসেন সামসুর রহমান। মমিনুল গিয়ে এনামুল হকের পাশে দাঁড়ালেন। উইকেটের হতাশা শেষ হওয়ার আগেই বাংলাদেশের স্ট্যাম্পে আবার আঘাত করেন মেন্ডিজ। মমিনুল হক ১ রান নিয়ে বোল্ড হয়ে ঘরে ফেরেন। এনামুল বাংলাদেশের এক প্রান্ত সামাল দিলেও অন্য প্রান্তে বাংলাদেশের উপর দিয়ে ঝড় চলছিল। ঝড় সামাল দিতে মাঠে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনিও ঘর সামাল দিতে পারলেন না। অধিনায়ক হিসাবে যেভাবে বিপদটাকে থামিয়ে দিয়ে দলকে এগিয়ে যাওয়া দরকার, সেটা করতে ব্যর্থই হয়েছেন মুশফিক। ৬ বল খেলে ৪ রান যোগ করে দিয়ে এলবিডব্লিউ হলেন সিলভার বলে। বিশ্ব সেরা খ্যাতি পাওয়া সাকিব আল হাসান ব্যাট হাতে নামলেন। কিন্তু তার সাথে জুটিটা বেশিক্ষণ টিকল না এনামুলের। ৮৭ বলে ব্যক্তিগত ৪৯ রান করে প্রিয়াঞ্জরের বলে থিরিমান্নের হাতে ধরা পড়েন এনামুল। সাকিবের সাথে নাসির খেলতে নেমে জুটি গড়ে তুলতে গিয়ে সাকিব ম্যাথিউসের হাতে বল তুলে দিয়ে ২০ করে ফিরলেন দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১৯। মাহমুদুল্লা রিয়াদ দলকে কিছুটা তুললেন। ৩০ রান যোগ করে বোল্ড হলেন লাকমানের বলে, ১৭৪ রানে ৬ উইকেট। এরপর জিয়া, রুবেল হোসেনরা যাওয়া-আসার মধ্যেই ছিলেন। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ২০৪ রানে।

জবাবে ২০৫ রানের লক্ষ্য নিয়ে শ্রীলংকা ৭ উইকেট হারিয়ে ২০৭ রান করে ম্যাচ জিতে নেয়।

ব্যাট করতে নেমে শ্রীলংকাও বাংলাদেশের বোলিংয়ের কাছে মাতা নত করতে যাচ্ছিল। পেরেরা শূন্য রানে, সাঙ্গাকারা ২ রানে, জয়াবর্ধনে শূন্য রানে ফিরে গেছেন। প্রিয়াঞ্জন ২৪, ম্যাথিউস ৭৬ এবং সিলভা ৪৪ রান করেন। শ্রীলংকাকে জয়ের দুয়ারে পৌঁছে দেন। শ্রীলংকা ৩ উইকেটে বাংলাদেশকে হারায়। শেষ ম্যাচেও সান্ত্বনা পেল না বাংলাদেশ।

স্কোরকার্ড

বাংলাদেশ

এনামুল ক থিরিমান্নে ব প্রিয়ঞ্জন ৪৯

শামসুর এলবিডব্লিউ ব মেন্ডিস ৩৯

মুমিনুল ব মেন্ডিস ১

মুশফিকুর এলবিডব্লিউ ব ডি সিলভা ৪

সাকিব ক ম্যাথুজ ব প্রিয়ঞ্জন ২০

নাসির ক জয়াবর্ধনে ব লাকমল ৩০

মাহমুদুল্লাহ ব লাকমল ৩০

জিয়াউর ব পেরেরা ১২

আরাফাত সানি অপরাজিত ২

রুবেল ব পেরেরা ০

আল-আমিন অপরাজিত ০

অতিরিক্ত (বাই ৪, লেগবাই ৩, ওয়াইড ১০) ১৭

মোট (৫০ ওভারে নয় উইকেটে) ২০৪

উইকেট পতন: ১/৭৪ (শামসুর, ১৮.২), ২/৭৬ (মুমিনুল, ১৮.৬), ৩/৮৭ (মুশফিক, ২১.৫), ৪/১০৬ (এনামুল, ২৯.১), ৫/১১৯ (সাকিব, ৩৩.২), ৬/১৭৪ (মাহমুদুল্লাহ, ৪৪.৩), ৭/১৮৩ (নাসির, ৪৬.৩), ৮/২০৩ (জিয়াউর, ৪৯.২), ৯/২০৩ (রুবেল, ৪৯.৩)।

বোলিং: লাকমল ১০-০-৩২-২, পেরেরা ৮-০-২৯-২, সেনানায়েক ১০-১-৩৭-০, সিলভা ১০-০-৩৩-১, মেন্ডিস ৯-০-৫৫-২, প্রিয়ঞ্জন ৩-০-১১-২।

শ্রীলংকা

কুশল পেরেরা ক এনামুল ব আল-আমিন ০

থিরিমান্নে ক রুবেল ব আরাফাত ৩৩

সাঙ্গাকারা ক নাসির ব আল-আমিন ২

জয়াবর্ধনে রান আউট(মাহমুদুল্লাহ/রুবেল) ০

প্রিয়ঞ্জন ক এনামুল ব জিয়াউর ২৪

ম্যাথিউস অপরাজিত ৭৪

সিলভা ক এনামুল ব মাহমুদুল্লাহ ৪৪

পেরেরা রান আউট (রুবেল) ১৫

সেনানায়েকে অপরাজিত ৭

অতিরিক্ত (বাই ৪, ওয়াইড ৫) ৯

মোট ( ৪৯ ওভারে সাত উইকেটে) ২০৮

উইকেট পতন: ১/০ (কুশল, ০.২), ২/৬ (সাঙ্গাকরা, ২.১), ৩/৮ (জয়াবর্ধনে, ৩.৩), ৪/৪৭ (প্রিয়ঞ্জন, ১৪.৪), ৫/৭৫ (থিরিমান্নে, ২৩.১) ,৬/১৫৭ (সিলভা, ৩৯.৩), ৭/১৯৩ (পেরেরা, ৪৭.১)।

বোলিং: আল আমিন ১০-২-৪২-২, রুবেল ৬-০-২৫-০, সাকিব ১০-০-২৭-০, জিয়াউর ১০-০-৩৪-১, আরাফাত সানি ৭-০-৪৬-১, মাহমুদুল্লাহ ৬-১-৩০-১।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment