
বসন্তের বৃষ্টি যেন থামছেই না। বরং বৃষ্টির দাপট আগের দুই দিনের চেয়ে বেড়েছে। গত রাতের পুরোটা সময় বৃষ্টি ঝরেছে। আজ সোমবার সকালেও আকাশ কালো করে বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর থেকে অবস্থার উন্নতি হতে পারে।
গতকাল রোববার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হলেও পরের ২৪ ঘণ্টায় এর দাপট বেড়েছে প্রায় তিন গুণ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল সাতটা পর্যন্ত রাজধানী ঢাকায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পশ্চিমা লঘুচাপ ও পূবালী বাতাসের কারণে এ সময়ের এই বৃষ্টিকে স্বাভাবিক বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম প্রথম আলোকে জানান, প্রথম দুই দিন বৃষ্টি বেশি হয়েছে দেশের উত্তরাঞ্চলে। বগুড়ায় ২৫ মিলিমিটার বৃষ্টি হলেও, আজ সকালে সেটি কমে হয়েছে ৯ মিলিমিটার। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির মাত্রা বেড়েছে দক্ষিণাঞ্চলে। কুতুবদিয়ায় দেশের সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর মংলায় হয়েছে ৩৪ মিলিমিটার। বৃষ্টির কারণে দেশের তাপমাত্রাও কমেছে। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃষ্টির কারণে কর্মমুখী মানুষ ঘর থেকে বের হলেও, রাজপথে পানি-কাদা জমে থাকায় যানবাহনগুলো চলেছে ধীরগতিতে। সাতসকালেই মহাখালী, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আজ সকাল আটটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রিকশাচালক জাকির হোসেন জানালেন, ‘জ্যামে গাড়ি আগায়তাছে না। তালতলা থেইক্যা শ্যামলী গেছি এক ঘণ্টায়। তাই ভাড়াও বেশি চাইছি। মহাজনরে তো ভাড়া দিতে হইব।’
জাকিরের রিকশায় বসে থাকা যাত্রী নাজমুল আলম ক্ষোভ নিয়ে বললেন, ‘রাস্তার যা অবস্থা, তাতে কোনো উপায় আমাদেরও নেই। যাত্রী ১০ জন, রিকশা একটা, ওরা তো ভাড়া বাড়াবেই।’
0 comments:
Post a Comment