
ব্রিটেনের সুপ্রাচীন এক পানশালার গোপন ভিডিও ক্যামেরায় সম্প্রতি এক রহস্যময় অশরীরির ছবি ধরা পড়েছে। অবিশ্বাস্য হলেও অস্বীকার করার উপায় নেই, ভিডিওতে মধ্যযুগীয় আলখাল্লা পরিহিত এক বুড়ো মানুষের ঝাপসা ছবি ফুটে উঠেছে।
ঘটনা এখানেই শেষ নয়। স্বাভাবিক অবস্থায় ক্লোজ সার্কিট ক্যামেরাটি সারাক্ষণই নিরাপত্তার জন্য চালু রাখা হয়। কিন্তু রহস্যজনক কারণে ভিডিওটি ঠিক ভোর ৬টা ১৮ মিনিটে থেমে গেছে আর শেষ ছবিটি সেই মধ্যযুগীয় বৃদ্ধের।
জানা যায় পানশালাটি স্থাপিত হয় ১২৫১ সালে। স্থানীয় মানুষেরা বলেন, ডার্বির সপ্তম আর্ল জেমস স্ট্যানলির সময় থেকেই পানশালাটিতে এমন ভূতের আছর। এতে প্রায়ই অস্বাভাবিক সব কাণ্ডকারখানা ঘটে থাকে।
পানশালার ম্যানেজার টনি ডুলি একজন সংশয়বাদী মানুষ। কিন্তু মঙ্গলবার সকালে স্থানীয় গণমাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজের কাছে নিজের ভীতির কথা ব্যক্ত করে বলেন, ‘এমন অস্বাভাবিক ঘটনা নিজ চোখে দেখে না বিশ্বাস করে থাকা যায় না।’
বলা হয়ে থাকে, ১৬৫১ সালে এ পানশালার তৎকালীন মালিক- প্রবল গৃহযুদ্ধের সময় যিনি ছিলেন রাজার একজন সমর্থক, এখান থেকে বেরিয়েই রাজদ্রোহীদের হাতে পড়েন এবং তখনই তার শিরশ্ছেদ করা হয়।
ডিজিটাল ভিডিও ক্যামেরা নির্মোহভাবে আলোর প্রতিফলন তুলে আনে। বিজ্ঞানের এমন উৎকর্ষের যুগে আদিকালের অশরীরিরা ক্যামেরাবন্দী হয়ে হয়তো একটু বিব্রতই বোধ করছেন!
0 comments:
Post a Comment