Sporty Magazine official website |

সবচেয়ে দুর্বল অভিনেত্রী ক্যাটরিনা!

Sunday, February 9, 2014

Share this history on :
একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে বলিউডের প্রথম সারির তারকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু ভারতের চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ক্যাটের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁকে বলিউডের সবচেয়ে দুর্বল অভিনয়শিল্পী হিসেবে আখ্যায়িত করেছেন তাঁরা। এতে বিচলিত কি না জানতে চাইলে না সূচক জবাবই দিয়েছেন এ ‘ধুম ৩’ তারকা।

তারকা আড্ডার জনপ্রিয় অনুষ্ঠান কফি উইথ করণের চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়েছে গত বছরের ১ ডিসেম্বর থেকে। বলিউডের সবচেয়ে দুর্বল অভিনয়শিল্পী কে—এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে উপস্থিত বেশির ভাগ অতিথিই ক্যাটরিনার নাম নিয়েছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

‘এক থা টাইগার’, ‘যব তক হ্যায় জান’ কিংবা ‘ধুম ৩’র মতো বক্ষ অফিস কাঁপানো ছবি উপহার দেওয়ার পরও ক্যাটরিনার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় বিচলিত কি না জানতে চাইলে ক্যাটরিনা বলেছেন, ‘না, বিষয়টি আমাকে এতটুকুও বিচলিত করেনি। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। আমি অন্যের মতামতের ওপর মন্তব্য করতে পারি না। তাঁরা যদি মনে করেন আমি সবচেয়ে দুর্বল অভিনয়শিল্পী তবে সেটা বলতেই পারেন তাঁরা। আমি তাঁদের মতামতকে সহজভাবেই নিতে চাই।’

প্রতিদ্বন্দ্বী মনে করায় ক্যাটরিনাকে তাঁর সহকর্মীরা দুর্বল অভিনেত্রী হিসেবে আখ্যায়িত করেছেন কি না—এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে কেবল স্মিত হেসেছেন দুটি ফিল্মফেয়ারসহ আরও অসংখ্য পুরস্কার পাওয়া ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না জানতে চাইলে ক্যাটের সোজাসাপ্টা জবাব, ‘কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু আমি বলিউডে আসিনি। তারপরও ভালো কাজ করছে এমন যে কাউকেই প্রতিদ্বন্দ্বী ভাবা যায়। বিষয়টিকে আমি ইতিবাচকই মনে করি। কারণ প্রতিদ্বন্দ্বিতা থাকলে নিজেকে আরও ভালো অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য এক ধরনের তাগিদ তৈরি হয়। নিজেকে ছাপিয়ে যাওয়ারও ইচ্ছে জাগে।’
এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন ক্যাটরিনা। এই সময়ে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

নিজেকে বলিউডের প্রথম সারির একজন তারকা হিসেবে দেখতে কেমন লাগে জানতে চাইলে ক্যাটরিনা মৃদু হেসে বলেন, ‘অবশ্যই ভালো লাগে। সবমিলিয়ে একটা মিশ্র অনুভূতি কাজ করে। অবশ্যই এটা অনেক বেশি উত্তেজনাকর। কিন্তু ভালো কাজ উপহার দেওয়ার জন্য সব সময় চাপের মধ্যে থাকতে হয়। কেবলই মনে হয়, এই অবস্থান ধরে রেখে আমাকে আরও বহুদূর যেতে হবে। এই অতিরিক্ত চাপ অনেক সময় শরীর ও মনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’

সমসাময়িক বলিউডের তারকাদের মধ্যে প্রিয় কে জানতে চাইলে বেশ কৌশলেই এর জবাব দিয়েছেন ক্যাটরিনা। তিনি বলেছেন, ‘নির্দিষ্ট প্রিয় কোনো তারকা নেই। আমার মনে হয়, সবাই যার যার অবস্থান থেকে ভালো কাজ করছেন।’

ক্যাটরিনার ব্যক্তিগত জীবন নিয়ে এখন পর্যন্ত অনেক গুজবই রটেছে। এ প্রসঙ্গে ক্যাটরিনার ভাষ্য, ‘আমাকে ঘিরে আজগুবি সব খবর প্রকাশিত হওয়ার বিষয়টি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলতে কি, এখন আমি নিজেও এ ধরনের বানোয়াট খবর দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকি। একজন অভিনয়শিল্পীকে নিয়ে এ ধরনের গুজব রটবেই। আর সবার মতো আমিও এটা মেনে নিয়েছি।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment