দুষ্টবুদ্ধির জন্য বিএনপি নির্বাচনে আসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এই সরকার একটি বৈধ সরকার। তাই পাঁচ বছরই তারা ক্ষমতায় থাকবে।
আজ শুক্রবার সকালে অর্থমন্ত্রী সিলেট নগরের কুমারগাঁওয়ে ২৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ‘শাহজাহান উল্লাহ বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজ থেকে ওই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এ সরবরাহ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা অফার করেছি বিএনপিকে, তোমরা আস, এইসব বোগাস কথাবার্তা বলো না যে তত্ত্বাবধায়ক সরকার চাই। ডোন্ট টক অ্যাবাউট ইট, ইফ ইউ আর সেনসেবল। কিন্তু বিএনপি যেভাবে এগোচ্ছে, তাতে সংলাপের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী নই।’
আগামী অর্থবছরে বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকার হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকার সফল হয়েছে। এখন আর আগের মতো লোডশেডিং নেই। আমরা গতবার ক্ষমতায় আসার সময় দেখেছি, মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আর চাহিদা ছিল তার দ্বিগুণ।’
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর এ ব্যাপারে মনোযোগ দিই। দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি। কিছুদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। সিলেটে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে শিগগির।’
0 comments:
Post a Comment