
নারী-পুরুষের সম্পর্কে কখনো কখনো এমন সময় আসে, যখন মনে হয় সঙ্গী আসলে আপনাকে ভালোবাসেন না। অনেকটা তাঁর প্রয়োজনে আপনাকে ব্যবহার করেন, নিজের উদ্দেশ্যটা আপনার মাধ্যমে হাসিল করে নেন। কখন বুঝবেন সঙ্গী আপনাকে তাঁর উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছেন? এমন তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
প্রতিবার বিল যখন আপনাকেই দিতে হয়
হয়তো দুজন মিলে কোথাও বেড়াতে গেলেন কিংবা খাওয়া-দাওয়া করতে। আপনার সঙ্গীর পকেটে পর্যাপ্ত টাকা আছে, আপনি জানেন। কিন্তু এর পরও যখন তিনি দিনের পর দিন আপনাকে বিল দিতে বলবেন, তখন বুঝবেন কোথাও কোনো ঝামেলা আছে। আসলে আপনার সঙ্গী আপনাকে ব্যবহার করছেন তাঁর উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসেবে। তিনি আপনার সঙ্গে বেড়াবেন, খাবেন, কিন্তু আপনার সঙ্গে দীর্ঘমেয়াদি গভীর ভালোবাসার কোনো সম্পর্কে জড়াবেন না তিনি।
নিজের প্রয়োজনের সময়ই কেবল তাঁকে পাওয়া যায়
যেকোনো সম্পর্কে দুজনেরই দুজনকে সময় দেওয়া প্রয়োজন। কিন্তু একজন যখন শুধু তাঁর প্রয়োজনে আপনার কাছে সময় চান, কিন্তু আপনার প্রয়োজনে সময় দিতে রাজি হন না, তখন আপনাকে বুঝতে হবে এটি আসলে একটি কাজের সম্পর্ক, ভালোবাসার নয়। আপনার সঙ্গীটি একাকিত্ব কাটানোর জন্য স্বার্থপরের মতো আপনার কাছ থেকে শুধু নিচ্ছেন। তিনি একবারও আপনার কথা ভেবে শুধু আপনাকে সময় দেন না।
আর্থিকভাবে নির্ভরশীল
দুজন মিলে যখন বেড়াতে যাচ্ছেন বা খেতে যাচ্ছেন, তখন তো আপনি বিল দিচ্ছেন। কিন্তু এর বাইরেও যদি তিনি আপনার কাছে নানা উছিলায় টাকা চান, তাহলে সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়টি নিয়ে আরেকবার ভাবুন। আপনার সঙ্গীর এই আচরণ আসলে প্রকাশ করে তিনি আর্থিকভাবে আপনার ওপর নির্ভরশীল থাকতে চান, নিজের অর্থ খরচ করতে চান না। এমন একটি সম্পর্ক কাজের হতে পারে, কখনোই ভালোবাসার নয়।
0 comments:
Post a Comment