Sporty Magazine official website |

আমার স্বপ্ন এখন শুধুই চলচ্চিত্র: মম

Saturday, February 15, 2014

Share this history on :

লাক্স-চ্যানেল আই সুপারস্টার মম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’। প্রথম ছবিতেই সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সাত বছর বিরতির পর তিনি এখন তাঁর দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম ‘প্রেম করব তোমার সাথে’। এই মুহূর্তে শুধুই চলচ্চিত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে মমর সব স্বপ্ন। ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে শুটিংয়ের অভিজ্ঞতাসহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।


‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে কার সঙ্গে প্রেম করছেন?

প্রশ্নটা অনেক জটিল। বলা যায়, আমার সঙ্গে যাঁরা প্রেম করতে চান তাঁদের সবার সঙ্গেই প্রেম করছি এই ছবিতে অভিনয়ের মাধ্যমে। আমি মূলত প্রেম করছি আমার কাজ আর দর্শকদের সঙ্গে। 


এখন পর্যন্ত কতজন প্রেমের প্রস্তাব দিয়েছেন?

অনেক...। ‘প্রেম করব তোমার সাথে’ ছবির কাজ শুরুর পর কেউ ফোন করলেই হ্যালো সম্বোধনের পরই বলছেন, ‘প্রেম করব তোমার সাথে।’ ফেসবুকেও এ ধরনের অনেক অনেক মেসেজ পাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছে।


শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল?

দীর্ঘ বিরতির পর ছবির শুটিং শুরু করার আগে খুব ভয় হচ্ছিল। শুটিংয়ের আগের দিন তো ভয়ে জ্বরই এসে গিয়েছিল। কেবলই মনে হচ্ছিল, কাজে ভুল হলে পরিচালক বকা দেবেন কি না! ইউনিট কেমন হবে! সব মিলিয়ে খুব টেনশন কাজ করছিল। শুটিংয়ের প্রথম দিনে মনে হচ্ছিল, জীবনের প্রথম অভিনয় করছি। প্রথম মঞ্চে কাজ করার সময় যে রকম মনে হয়েছিল, ঠিক সে রকমই লেগেছে।


ছবিটির শুটিং করতে গিয়ে মনে রাখার মতো কোনো ঘটনা ঘটেছিল কি?

অনেক ঘটেছে। একটা দৃশ্যে আমি গাড়ি চালাচ্ছিলাম। ঝুঁকিপূর্ণ সেই দৃশ্যে ছবির নায়ক জায়েদ খান আমার গাড়ির ওপরে ছিটকে পড়েন। তার পরও আমি গাড়ি চালাতে থাকি। সারা দিন এভাবেই শট দিতে হয়েছে। দৃশ্যটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, যা ভোলার মতো নয়। সারা দিন আমরা না খেয়ে ছিলাম। এমনকি ওয়াশ রুমেও যেতে পারিনি।



শুটিংয়ের ফাঁকে মজা করছেন না?

অনেক...। ইউনিটের সবাই অনেক মজার। আমাদের ডিরেক্টর রাকিব ভাই ভালো শট হলে একটা মজার শব্দ করেন। সেটা শুনে সবাই হেসে দেয়। আর ইউনিটের প্রাণ হলেন কাবিলা ভাই। তিনি সব সময় মজার মজার কৌতুক বলেন। এ ছাড়া গানের দৃশ্যগুলো করার সময় আমরা অনেক মজা করেছি।


মমর বর্তমান স্বপ্ন কি?

আমার স্বপ্ন এখন শুধুই চলচ্চিত্রকে ঘিরে। দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। এ জন্য সত্যিই আমি ভাগ্যবান। আমি চাই, ‘প্রেম করব তোমার সাথে’ ছবিটি সবাই মনে গেঁথে রাখুক আজীবন।


সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখছেন না?

সুপারস্টার মম! অনেক বড় দায়িত্ব। সব সময় দর্শকদের নতুন কিছু দিতে চাই। আমি অনেকের ভেতর নিজেকে হারিয়ে ফেলতে চাই না। সারা জীবন সুপারস্টার হয়েই থাকতে চাই।

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment