
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে সংকট সৃষ্টি হয়েছে। আজ বুধবার রাজধানীর ইমানুয়েলস সেন্টারে জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
ওই সভায় জাতীয় পার্টি থেকে নির্বাচিত ৩৪ সাংসদের মধ্যে ৩০ জনই অনুপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘একটা নির্বাচন হয়ে গেল। এ বিষয়ে কথা বলতে চাই না। আমি কেন নির্বাচন করি নাই—সেটা আজ বলব না। চেয়ারম্যান যেটা বলে, সেটা সঠিক বলে ধরে নিতে হবে।’
মূলত রওশন এরশাদের নেতৃত্বে একটি অংশ যে এরশাদকে এড়িয়ে চলছে, আজ প্রকাশ্যে এরশাদ সে কথা বলেছেন। যাঁরা তাঁর নির্দেশ উপেক্ষা করবেন, তাঁদের আর জাতীয় পার্টিতে ‘প্রয়োজন নেই’ বলেও তিনি উল্লেখ করেছেন।
এরশাদ বলেন, ‘যে ৩০ জন সাংসদ আজ মতবিনিময় সভায় আসেননি, তাঁরা কি জাতীয় পার্টির বাইরে? জাতীয় পার্টিকে বিভক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। ৩০ জন এমপি নিয়ে দল নয়, লক্ষ-কোটি মানুষ নিয়ে দল। আমন্ত্রণ পেয়েও তাঁরা আসেননি। লাঙল প্রতীক নিয়ে তোমরা নির্বাচন করেছ। আর এখানে আসবে না। আমি শেষবারের মতো তাদের বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফিরে আস। নইলে রাজনীতিতে তোমাদের স্থান হবে না।’
যাঁরা দলের চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে গেছেন, তাঁদের চিনে রাখার নির্দেশ দিয়েছেন এরশাদ।
এরশাদ যখন দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁরা ‘বহিষ্কার’ ‘বহিষ্কার’ বলে চিত্কার করতে থাকেন। এরশাদ বলেন, যাঁরা তাঁর সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন, তাঁদের তিনি আরেকবার সুযোগ দিতে চান। তিনি বলেন, যাঁরা চেয়ারম্যানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদের দায়-দায়িত্ব তিনি (এরশাদ) নেবেন। তিনি জেলা কমিটিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীদের সহযোগিতা করার নির্দেশ দেন। তিনি নিজেও ২০ ফেব্রুয়ারি থেকে সাংগঠনিক সফরে যাবেন বলে জানিয়েছেন।
গত ১২ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিএমএইচে চিকিত্সার জন্য নিয়ে যাওয়ার ঠিক ৬০ দিন পর আজই প্রথম এরশাদ নেতা-কর্মী ও গণমাধ্যমের মুখোমুখি হলেন। এর মধ্যে এরশাদের নির্দেশে জাতীয় পার্টির ২০০ নেতা-কর্মী নির্বাচন থেকে সরে দাঁড়ান। রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে যায়। এরশাদ বলেন, তিনি ভাবছিলেন দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে আছেন কি না। তিনি আশ্বস্ত হয়েছেন যে তাঁরা এরশাদের সঙ্গেই আছেন।
0 comments:
Post a Comment