
রাজধানীর বাড্ডা থানা এলাকায় আজ শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত ও একজন আহত হন।
তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের একজনের পরিচয় সাইদুর রহমান (২৫) বলে জানিয়েছে পুলিশ। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (২২)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে মেরুল বাড্ডায় টঙ্গীগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের জন্য আইল্যান্ডে অপেক্ষমাণ ওই পথচারীদের চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
মো. নয়ন নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, আইল্যান্ডে গিয়ে ওই তিনজনের ওপর উঠে পড়ে বাসটি। এতে তিনজনই বাসের নিচে চলে যান। তাঁদের মধ্যে দুজনকে রক্তাক্ত ও নিথর অবস্থায় বের করা হয়। আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। নিহত আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
0 comments:
Post a Comment