
টাঙ্গাইলের ঘাটাইলে প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে সেনা ও বিজিবির পাঁচজন সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঘাটাইল সেনানিবাসের আওতাধীন মাইধারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির প্রথম আলোকে বলেন, মাইধারচালা এলাকায় ফায়ারিং প্রশিক্ষণ রেঞ্জে দুপুরে মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এ সময় সেনাবাহিনীর দুজন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনজন সদস্য নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৪ জন প্রশিক্ষণার্থী।
নিহত দুই সেনাসদস্য হলেন মঞ্জু ও পারভেজ। বিজিবির নিহত তিন সদস্য হলেন সুফিয়ান, একরামুল ও মোহাম্মদ আলী।
আমাদের বিশেষ প্রতিনিধি জানান, দুর্ঘটনার খবর শোনার পরপরই বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ দুর্ঘটনাস্থলে যান। তিনি জানান, সেখানে বিজিবির বার্ষিক গোলাবর্ষণের প্রশিক্ষণ চলছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবির আহত দুই সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি দুর্ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত দুজন সেনা সদস্য ফায়ারিং রেঞ্জ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
0 comments:
Post a Comment