
নেটওয়ার্কের সমস্যার কারণে চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টা ধরে লেনদেন করতে পারছেন না বিকাশ গ্রাহক ও এজেন্টরা। মানুষ ভোগান্তিতে পড়লেও কবে এই সমস্যার সমাধান হবে তাও বলতে পারছেন না বিকাশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রাহকদের অভিযোগ, গত তিনদিন পর্যন্ত বিকাশে কোন লেনদেন করা যাচ্ছে না। নেটওয়ার্ক সমস্যার কারণে ব্যালেন্স এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রেরণ করতে পারছেন না এজেন্টরা। ফলে লেনদেনকারী এজেন্ট বা ব্যক্তিগত বিকাশ একাউন্ট গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যশোরের সুলতানা নামে এক মহিলা জানান, গত তিন দিন আগে হার্টের সমস্যার কারণে স্বামী আবু তালেবকে ভর্তি করিয়েছেন। হাসপাতাল থেকে ঔষধ কেনা ও বিভিন্ন পরীক্ষার জন্য হাসপাতাল থেকে লিখে দিচ্ছেন। বাড়ি থেকে বিকাশে ২দিন আগে ৭ হাজার টাকা পাঠিয়েছে, কিন্তু কয়েকটা বিকাশ এজেন্টে গিয়েও টাকা তুলতে পারিনি। কখন পাবো তাও জানাতে পারছেন না এজেন্টরা।
ঢাকা থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ কাভার করতে আসা সাংবাদিক শেখ সাদী সিরাজগঞ্জে তার স্ত্রীর কাছে খুব জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে গিয়ে বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান ঘুরেও ব্যর্থ হয়েছেন।
এরকম নগরী চকবাজার, বহদ্দার হাট, আগ্রাবাদ, পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া ও কক্সবাজারের চকোরিয়া থেকে বিকাশের একাধিক এজেন্ট নেটওয়ার্ক সমস্যার কারণে টাকা লেনদেন করতে পারছেন না বলে জানিয়েছেন।
নগরীর মোহরার পপুলার টেলিকম নামের এক বিকাশ এজেন্টের স্বত্বাধিকারী এমরানউদ্দিন বলেন, ‘গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নেটওয়ার্কেও কারণে বিকাশে লেনদেন হচ্ছে না। এনিয়ে গ্রাহকদের পাশাপাশি আমরাও দুর্ভোগে পড়েছি। বিকাশ কর্তৃপক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না।’
এ প্রসঙ্গে বিকাশের বাণিজ্যিক ও বাজার সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘সার্ভার সমস্যার কারণে গত ২দিন কোন এজেন্ট লেনদেন করতে পারছেন না। বিকাশের সার্ভারে কাজ চলছে। তাই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে।’
এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেননি বিকাশের এই কর্মকর্তা।
বিকাশের চট্টগ্রাম বিভাগীয় টেরিটরি কর্মকর্তা বদরুদ্দৌজা বলেন, ‘সমস্যার ব্যাপারে আমরা উপরে যোগাযোগ করে আসছি। কবে নাগাদ এই সমস্যা শেষ হবে আমাদেরকে এখনও জানাতে পারেননি হেড অফিস। এজেন্টরা ফোন করে খুবই জ্বালাতন করছেন। কিন্তু কিছু বলতে পারছি না।’
বিকাশের নেট সমস্যায় এই কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন।
0 comments:
Post a Comment