
রাজধানীর পল্লবীর কালসী রোডে সাংবাদিক কলোনির পাশে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পালাতে গিয়ে বাসচাপায় আহত হয়ে জামায়াতের স্থানীয় এক নেতা মারা গেছেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর নাম বেলাল হোসেন (৫০)। তিনি দারুস সালাম থানা জামায়াতের আমির।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালসী রোডের ২২ তলা গার্মেন্টসের সামনে আজ সকাল সাড়ে আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়ো হন। পরে তাঁরা সেখান থেকে সরে গিয়ে সাংবাদিক কলোনির পাশের রাস্তা থেকে একটি মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ রাবার বুলেট ছোড়ে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক ব্যক্তি গাড়ির ধাক্কায় আহত হন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, জামায়াত-শিবিরের একটি দল আজ নাশকতা করতে পারে বলে তাঁদের কাছে তথ্য ছিল। সেই অনুযায়ী পুলিশ সতর্ক ছিল। সংশ্লিষ্ট এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অতর্কিতে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ও ককটেল ছোড়ে। তাঁদের হামলায় কনস্টেবল আবদুস সালাম আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে হাতে থাকা ব্যানার পেঁচিয়ে বেলাল হোসেন নামের জামায়াতের এক স্থানীয় নেতা সড়কে পড়ে যান। এসময় একটি গাড়ি তাঁকে ধাক্কায় দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
0 comments:
Post a Comment