
সময়টা সত্যিই ভালো যাচ্ছে না নেইমারের। চোট, চুক্তি-বিতর্কে খুব বাজে সময় কাটাচ্ছেন এই ব্রাজিলীয় তারকা। মড়ার উপর খাঁড়ার এক ঘা খেলেন এরই মধ্যে। বান্ধবী ব্রুনা মার্কুইজেন তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন।
ব্রুনা মার্কুইজেন ব্রাজিলের জনপ্রিয় এক মডেল। নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো কারণ তিনি না জানালেও ব্রাজিলীয় সংবাদমাধ্যম সন্দেহ করছে, ন্যু ক্যাম্পে আসার পর থেকে নেইমারের সঙ্গে তাঁর এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়। ব্যাপারটি মেনে নিতে না পেরেই মার্কুইজেনের এই সিদ্ধান্ত। অথচ, গত আগস্টে নেইমারের সঙ্গেই বার্সেলোনা এসেছিলেন তিনি। নেইমারের অভিষেকের দিন ন্যু ক্যাম্পের গ্যালারিতে তিনি সবার দৃষ্টি কেড়েছিলেন বার্সার জার্সি গায়ে চড়িয়ে।
নেইমার নিজে কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছিলেন। এই তো গেল সপ্তাহেই ইনস্টাগ্রাম বার্তায় তিনি লিখেছিলেন, ‘তুমি আমার হূদয়জুড়েই আছো। তোমায় খুব মিস করি। এই মুহূর্তে তোমার কাছে যাওয়া যে আমার পক্ষে সম্ভব নয়।’
গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেইমারের সঙ্গে তোলা সব ছবি মুছে দিয়ে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়ে দেন মার্কুইজেন। তবে ব্রাজিলের একটি পত্রিকা জানিয়েছে, কাল আনুষ্ঠানিকভাবে সম্পর্কোচ্ছেদ হলেও তাঁরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন নতুন বছর শুরুর আনুষ্ঠানিকতার দিনেই।
এদিকে, বান্ধবী-বিচ্ছেদের দিনই নেইমারের বিরুদ্ধে আরও একটি মামলা ঠুকেছে তাঁর পুরোনো ক্লাব সান্তোস। তারা নেইমারের বাবার সঙ্গে বার্সেলোনার করা চুক্তিতে উল্লিখিত অর্থের পরিমাণ জানতে চেয়েছে। বলেছে, বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তিতে ধোঁয়াশা আছে।
কী বিপদেই না পড়েছেন হালের এই সেনসেশন! ওয়েবসাইট।
0 comments:
Post a Comment