
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার বিদ্যমান কোনো রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বিক্রি করবে না। আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে টেকসই শিল্পায়নের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এর জন্য প্রচুর জায়গার প্রয়োজন হবে। তাই জাতীয় স্বার্থ বিবেচনা করে বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প-কারখানা বিক্রি করবে না।’
আমির হোসেন আমু বলেন, রাষ্ট্রায়ত্ত যেসব কারখানা বর্তমানে লোকসান গুনছে, বিএমআরই (ব্যালেন্সিং, মর্ডানাইজেশন, রিহেবিলিটেশন অ্যান্ড এক্সপানশন) ও পণ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে সেগুলোকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে আখচাষি ফেডারেশনের নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে ২০১৩-১৪ মাড়াই মৌসুমে আখচাষিদের এ পর্যন্ত বিক্রীত আখের বিপরীতে প্রায় শত কোটি টাকা পাওনা রয়েছেন। তাঁরা এ টাকা দ্রুত পরিশোধ করতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রয়োজনে তাঁরা আখের পাওনা বাবদ টাকার পরিবর্তে সরকার নির্ধারিত মূল্যে চিনি বরাদ্দের দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে আখচাষিদের পাওনা পরিশোধসহ অন্যান্য সমস্যা সমাধানে পর্যায়ক্রমে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সভাপতি ও সাবেক সাংসদ মাজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment