
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকে অবসর নিতে বলেছেন জাতীয় পার্টির (জাফর) আরেক অংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
আজ বিকেলে জাতীয় পার্টির (জাফর) উদ্যোগে বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একুশের ভূমিকা শীর্ষক এক আলোচনাসভায় কাজী জাফর আহমদ এ কথা বলেন। তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে। এবার ক্ষান্ত দিন। ৯০ বছরে পা দিয়েছেন। এবার অবসর নিন। পানি ঘোলা করার চেষ্টা থেকে বিরত থাকুন।’
এরশাদকে ‘ডিগবাজি বিশারদ’ উল্লেখ করে কাজী জাফর বলেন, ‘ক্ষণে ক্ষণে ডিগবাজি দেওয়া তাঁর কাজ।’
কাজী জাফর আরও বলেন, নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিলে নীতি, নৈতিকতার অপমৃত্যু হতো। তিনি বলেন, উপজেলা নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে জনগণ ১৯-দলীয় জোটের পক্ষে রায় দিয়ে যেমন এই সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তেমনি জাতীয় পার্টির (জাফর) নেতা-কর্মীরা ক্ষমতা বা অর্থের প্রলোভনকে উপেক্ষা করে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শরিক হয়েছেন।
0 comments:
Post a Comment