
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনাসহ বিমানের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে শুল্ক বিভাগ। আটক ব্যক্তির নাম জয়নাল (৪৫)।
আজ দুপুর ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেটে মোট ৪০টি সোনার বার নিয়ে আসা হয়।
শুল্ক কর্তৃপক্ষের দাবি, আটক সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে শুল্ক বিভাগের দুই সহকারী কমিশনার কামরুল হাসান ও কাজী ওয়াজেদ আলীর নেতৃত্বে শুল্ক বিভাগের একটি দল বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে থেকে তাঁকে আটক করে।
সহকারী কমিশনার কামরুল হাসান প্রথম আলোকে জানান, দুপুরে অবতরণের পর পরিষ্কার করার নাম করে মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজটি ভেতর থেকে প্যাকেটে থাকা সোনার বারগুলো বের করে আনেন জয়নাল। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক বিভাগের একটি দল জয়নালের কাছ থেকে সোনাগুলো আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল বিমানের পরিচ্ছন্নকর্মী হিসেবে পরিচয় দেন। এসব সোনা পাচারে আরও দুজন জড়িত ছিলেন বলে জয়নাল শুল্ক বিভাগকে জানিয়েছেন।
সহকারী কমিশনার কামরুল হাসান জানান, ওই দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
এ ঘটনায় একটি মামলা করা হবে।
এর আগে গত রোববার শাহজালাল বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ দুবাইফেরত মোরশেদুল আলম নামের এক যাত্রীকে আটক করে শুল্ক বিভাগ।
0 comments:
Post a Comment