Sporty Magazine official website |

বাংলাদেশের হার এড়ানোর লড়াই

Friday, February 7, 2014

Share this history on :
ধারাভাষ্যকারেরা বারবার বলছিলেন, ইনিংস ঘোষণা করছেন না কেন শ্রীলঙ্কার অধিনায়ক? কিন্তু অ্যাঞ্জোলো ম্যাথুস আসলে অপেক্ষা করছিলেন দিনেশ চান্ডিমালের সেঞ্চুরির জন্য। চান্ডিমাল শতক ছোঁয়ামাত্রই ইনিংস ঘোষণা করলেন লঙ্কান দলপতি। ততক্ষণে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে পর্বতসম—৪৬৭।

আজ অবশ্য ব্যাট করার মতো বাংলাদেশ সময় তেমন পায়নি। দিনের শেষ বেলায় মোটে ৮ ওভার ব্যাট করেছে। ফলে বাংলাদেশের আসল পরীক্ষা টেস্টের শেষ দিনেই। তবুও শঙ্কা ছিল, এ সিরিজের গত তিন ইনিংসের মতো আবার উইকেট বিলিয়ে না দিয়ে আসেন ব্যাটসম্যানরা। স্বস্তির বিষয়, বাংলাদেশ চতুর্থ দিন শেষে কোনো উইকেট খোয়ায়নি। বিনা উইকেটে করেছে ১২। তামিম ইকবাল অপরাজিত রয়েছেন ৭ রানে, শামসুর রহমান ৪ রানে। আরও স্বস্তির ব্যাপার, ওভারপ্রতি রান উঠেছে ১.৫০ করে।

চতুর্থ ইনিংসে ৪৬৭ করতে হলে রীতিমতো ইতিহাসই গড়তে হবে বাংলাদেশকে। নিজেদের সামর্থ্য বিচারে সে রেকর্ড গড়ার দুঃসাহসিক স্বপ্ন না দেখাই ভালো। বরং এ ম্যাচ ড্র করে ফিরলেই সেটি হবে জয়তুল্য! মুশফিকুর রহিমের দলকে সেটি করতে হলে ওভারপ্রতি ১.৫০ কেন, এর চেয়ে কম হলেও সমস্যা নেই, কেবল উইকেট টিকিয়ে রাখতে হবে।

প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় ইনিংসেও তাই! একই রূপে আবির্ভূত হয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এ ব্যাটসম্যান। পৌঁছেছেন টেস্ট ক্যারিয়ারের ৩৫তম শতকে। শতক পূর্ণ করেই বোল্ড হয়েছেন সোহাগ গাজীর বলে। প্রথম ইনিংসে ৩১৯ রানের ইনিংসটি খেলে এই টেস্ট স্মরণীয় করেই রেখেছেন। সামনে ছিল আরও একটি রেকর্ড গড়ার সুযোগ। আর ৩৩ রান করলেই ভেঙে ফেলতে পারতেন এক টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে এক টেস্টে ৪৫৬ রান করেছিলেন গ্রাহাম গুচ। দুই ইনিংস মিলিয়ে সাঙ্গাকারার সংগ্রহ দাঁড়িয়েছে ৪২৪। এক টেস্টে দুই ইনিংসে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার রেকর্ড এখন কেবল দুজনের—গুচ ও সাঙ্গাকারার।

সেঞ্চুরিটি দারুণ হলেও ভাগ্যদেবীর ছোঁয়া ছিল তাঁর এই ইনিংসে। ৩৬ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন সাকিবের বলে। কিন্তু ডিপ মিড-উইকেটে সেটি তালুবন্দী করতে পারেননি নাসির হোসেন। নতুন জীবন পাওয়ার সুযোগ ভালোমতোই কাজে লাগিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সাঙ্গাকারার দিনে দিনেশ চান্ডিমালও কম যাননি। তিনি পেয়েছেন তৃতীয় টেস্ট শতক। এর সঙ্গে ম্যাথুসের অপরাজিত ৪৩ রানের সুবাদে ৪ উইকেটে ৩০৫ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মাহমুদউল্লাহ, ১টি করে পান সোহাগ গাজী ও সাকিব আল হাসান।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment