
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার মৃত্যুকুপ থেকে বেঁচে যাওয়া আহত শ্রমিক সালমা আক্তারের আত্মহত্যা তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সালমার মৃত্য স্বাভাবিক নয়। রানা প্লাজার মৃত্যুকুপ থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর সালমা চিকিৎসা করতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছে। এ মৃত্যুর দায় সরকারকে নিতে হবে।
নেতারা সালমার আত্মহত্যার ঘটনা তদন্ত সাপেক্ষ বিচার দাবি করেন। এছাড়া রানা প্লাজায় আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের মধ্যে ক্ষতিপূরণ ও অবিলম্বে পুনর্বাসন করার দাবি জানান। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের এ দাবি পূরণ না হলে রানা প্লাজার শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচিসহ লাগাতার আন্দোলন শুরু করার হুমকি দেন।
তারা সালমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হাত উচিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনেরা এতে অংশ নেন।
0 comments:
Post a Comment