
খুলনা: জেলার ফুলতলা উপজেলার ছাতিয়ানতলা দীঘির পাড়ে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদুল নিহত হন।
পুলিশের দাবি, নিহত তৌহিদুল নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। তিনি ফুলতলা উপজেলার দামোদর গ্রামের সেলিম শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে নয়টি হত্যা ও দুটি অস্ত্র মামলাসহ এক ডজন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, একটি পিস্তল, বন্দুকের ১৫টি গুলি, রাইফেলের চারটি গুলি, ছয়টি বোমা ও দুটি রামদা উদ্ধার করেছে।
ঘটনা সম্পর্কে খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল কাদের বেগের ভাষ্য, জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী ও নয়টি হত্যা মামলার আসামি তৌহিদুলকে গতকাল সন্ধ্যায় ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ফুলতলা থানায় রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি গোপন অস্ত্রভান্ডারের তথ্য দেন। রাতে তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তাঁর সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষা ও সরকারি জানমাল রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তৌহিদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়।
যশোর: জেলার অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে গতকাল রাত সোয়া একটার দিকে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম নিহত হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবিরউদ্দিনের দাবি, নিহত রবিউল স্থানীয় সন্ত্রাসী বাহিনী মেজবাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এই বাহিনীর সদস্যরা গত রোববার রাতে উপজেলার মাগুরা বাজারে কুপিয়ে ও বোমা মেরে আওয়ামী লীগের নেতা চৈতন্য মণ্ডলকে হত্যা করে বলে অভিযোগ আছে।
ঘটনা সম্পর্কে ওসি মোল্লা খবিরউদ্দিনের ভাষ্য, গতকাল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে রাত সোয়া একটার দিকে অস্ত্র উদ্ধারে যায় যৌথ বাহিনী। এ সময় উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের শের আলীর বাঁশবাগান এলাকায় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে থেকে রবিউলের লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
0 comments:
Post a Comment